বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলায় ফের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি আগামী ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট পক্ষগুলির আইনজীবী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। নয়াদিল্লিতে বিকেল ৫টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
Dearness Allowance : ১২ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক
অর্থ দফতরের আইন শাখার তরফে ৩ সেপ্টেম্বর একটি চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ১৯ অগস্ট ২০২৬-এর নির্দেশ মেনে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের নির্দিষ্ট জায়গা এখনও ঠিক হয়নি। স্থান চূড়ান্ত হলে সংশ্লিষ্ট সকলকে তা জানিয়ে দেওয়া হবে।
এই বৈঠকে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের হয়ে তাঁদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন অনুমোদিত আইনজীবী ও প্রতিনিধিরা। চিঠিতে সংশ্লিষ্টদের নিজেদের বক্তব্য ৫ সেপ্টেম্বরের মধ্যে মনিটরিং কমিটির কাছে ইমেলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ৪৭০০ কোটির মেগা পরিকল্পনা! হাওড়া-বালির জলযন্ত্রণা মেটাতে এবার বড় পদক্ষেপ
ডিএ (Dearness Allowance) সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে। দেওয়ানি আপিল নম্বর ৭৯২, ৭৯৩ ও ৭৯৪/২০২৬-সহ একাধিক আবেদন এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে। এবার মনিটরিং কমিটির বৈঠককে ঘিরে সরকারি কর্মচারী মহলে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। ১২ সেপ্টেম্বরের বৈঠকে কী আলোচনা হয়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।













