বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন দুনিয়া কাঁপিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বর্তমানে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ মুখ হওয়ার পাশাপাশি পদ্ম শিবিরের কেন্দ্রীয় সমিতির সদস্য তিনি। এবার আরও একটি বড় দায়িত্ব পেতে চলেছেন ‘মহাগুরু’। শুক্রবার এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মিঠুনকে বড় দায়িত্ব দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Mithun Chakraborty)
এদিন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে মিঠুনকে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু। বক্তব্য রাখার মাঝেই তিনি বলেন, আগামীদিনে ‘মহাগুরু’কে কালচারাল অ্যাডভাইজার তথা সাংস্কৃতিক উপদেষ্টা করা হবে। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে সেটা স্পষ্ট করে জানাননি তিনি।
আরও পড়ুনঃ সংসারের দায়িত্ব পালন করতে বাধ্য স্ত্রী? গুরুত্বপূর্ণ রায় জানাল হাইকোর্ট
তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বেশ খুশি হন অনুষ্ঠানে উপস্থিত বিনোদন জগতের প্রায় প্রত্যেকে। কারণ বাংলা সিনে জগতের সঙ্গে মিঠুনের সম্পর্ক আজকের নয়। দর্শকদের বহু আইকনিক ছবি উপহার দিয়েছেন তিনি। সেই কারণে তাঁকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত ভালো বলে মনে করছেন সংস্কৃতি জগতের তারকারা।
এদিকে আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখেন মিঠুন। তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীকে এতদিনে চিনেই গিয়েছেন। উনি যা বলেন, সেটা করে দেখান। আমি গ্যারেন্টি দিচ্ছি, উনি যা বলেন সেটা হবেই।“

যদিও এই প্রথম নয়। এর আগেও মিঠুনের মুখে একাধিকবার মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন ‘মহাগুরু’। দু’জনের মধ্যে বৈঠকও হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর হতে পারে না। আমি গ্যারেন্টি দিয়ে এটা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য যে ওকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি।“
এবার সেই মিঠুনকেই বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মৌখিকভাবে একথা জানিয়েছেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা কবে হয় সেটাই দেখার।













