বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে দীর্ঘদিন অধিনায়কের ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) তিনি ট্রফি উপহার দিতে না পারলেও বিপক্ষের চোখে চোখ রেখে আগ্রাসী ক্রিকেট খেলার প্রথা তিনি ফিরিয়ে এনেছিলেন দলে। এই ব্যাপারে তার প্রশংসক যেমন আছে, তেমন আছেন নিন্দুকও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়না (Suresh Raina)।
একসময় ভারতের জার্সিতে, বিশেষ করে ধোনির অধিনায়কত্বে সুরেশ রায়না হয়ে উঠেছিলেন দলের সবচেয়ে বড় ম্যাচ উইনারদের একজন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে, এমনকি ফিল্ডিংয়ের মধ্যে দিয়েও তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। কিন্তু মাত্র ৩৩ বছর বয়সে ২০২০ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
এবার সেই প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে তার প্রতি হওয়া অবিচার নিয়ে সরব হয়েছেন এই তারকা বাঁ-হাতি ব্যাটার। তিনি মনে করছেন যে কোহলি নিজের অধিনায়কত্বে তাকে পুরোপুরি দল থেকে কৌশলে সরিয়ে দিয়েছিলেন। প্রত্যেক অধিনায়কেরই কিছু পছন্দের ক্রিকেটারের তালিকা থাকে। কিন্তু কোহলির সেই তালিকায় রায়না কোনোদিন ছিলেন না বলে মনে করেন স্বয়ং রায়নাই।
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে এই নির্দিষ্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে রায়না বলেন, “প্রত্যেক অধিনায়কেরই নিজস্ব দল থাকে, যেমনটা আপনারা দেখেছেন। যখনই নতুন কেউ অধিনায়ক হতেন, তখন তাঁদের মনে হতো অমুক খেলোয়াড় বা তমুক খেলোয়াড় বেশি ভালো। কারণ, আপনারা দেখেইছেন যে এরপর সবকিছু ক্রমাগত বদলাতে থেকেছে। আমি আর যুবরাজ সিং যখন দলে ছিলামআমরাও একবার ‘ইয়ো-ইয়ো টেস্ট’-এ ব্যর্থ হয়েছিলাম। তবে পরে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম এবং প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলে অনেক রানও করেছিলাম। কিন্তু তাও আমাদের ফেরানো হয়নি দলে।”
আরও পড়ুন:
তিনি এরপর বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেছেন, “এরপর শুরু হয় ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপ। সেখানে অন্য একজন ব্যাটারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তবে প্রতিটি অধিনায়কের ভূমিকা আলাদা হয়, পরিস্থিতিও ভিন্ন ছিল। সেই সময় আমার মনে হয়েছিল আমি হয়তো আরও ভালো করতে পারতাম, কিংবা যুবরাজ সিং-ও হয়তো আরও ভালো করতে পারতেন। কারণ আমাদের দুজনের দীর্ঘদিনের একসাথে খেলার সুবাদে সেখানে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন ছিল। তবে ঠিক আছে, এখন আর সেসব নিয়ে কথা বলে লাভ নেই।”













