বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে পালাবদলের পর বিপুল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে। বিভিন্ন ভাতা থেকে শুরু করে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে উপভোক্তাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় না থাকা মানুষদের তাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার (CM Health Bima Yojana) আওতায় আনা হচ্ছে।
কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা (CM Health Bima Yojana) পাবেন না?
তবে শুধুমাত্র আয়ুষ্মান ভারত কার্ড না থাকলেই এই প্রকল্পের সুবিধা মিলবে, এমনটা নয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও রয়েছে একাধিক যোগ্যতার শর্ত। পরিবারের আর্থিক সামর্থ্য, সরকারি চাকরির সঙ্গে সম্পর্ক, অন্য কোনও মেডিক্যাল বিমা বা সরকারি চিকিৎসা সুবিধা নেওয়া হচ্ছে কি না, এমন বেশ কিছু বিষয় এখানে বিবেচনা করা হয়।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় একটি পরিবারের জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয়ের কভারেজ রয়েছে। এই সুবিধা ব্যবহার করে কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যাবে। শুধু একজনের জন্য নয়, পরিবারের একাধিক সদস্যকেও এই প্রকল্পের আওতায় আনা যাবে। পরিবারের সদস্যসংখ্যা কত, তার কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। ফলে যোগ্য একটি পরিবারের একাধিক সদস্য একই স্বাস্থ্যবিমার সুবিধা পেতে পারেন।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিমা নেওয়ার আগেই কোনও রোগ ধরা পড়ে থাকলেও সেই চিকিৎসা এই প্রকল্পের আওতায় আসার সুযোগ রয়েছে। আগে থেকে থাকা রোগ বা প্রি-এক্সিস্টিং ডিজিজ-এর চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যেতে পারে। স্বাস্থ্যবিমার পরিমাণ ৫ লক্ষ টাকা হলেও প্রকল্পটি সর্বজনীন নয়। নির্দিষ্ট কয়েকটি শ্রেণির মানুষকে এর বাইরে রাখা হয়েছে।
পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গ সরকারের কোনও দফতরে কর্মরত ব্যক্তি কিংবা সরকার পোষিত সংস্থার কর্মীরা এই কার্ডের জন্য বিবেচিত হবেন না। একইভাবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের অধীন সরকার পোষিত সংস্থার কর্মীরাও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় আসবেন না। যাঁরা সরকারি নিয়মে মেডিক্যাল অ্যালাওয়েন্স পান, তাঁরাও এই সুবিধা নিতে পারবেন না। কোনও ব্যক্তি আগে থেকেই গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্সের সদস্য হলে তাঁকে এই প্রকল্পের আওতায় রাখা হবে না।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ‘ডবল’ সুবিধা, মাসে ৪৫০০ টাকা পেতে কী করতে হবে ?
উল্লেখ্য, SIR-এ কারও নাম বাদ পড়লে সাধারণ নিয়মে তিনি এই কার্ডের সুবিধা পাবেন না। তবে ট্রাইব্যুনালে আবেদন করা ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। বয়স ৭০ বছর বা তার বেশি হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার কার্ড পাওয়া যাবে না। এই বয়সের মানুষদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রযোজ্য হবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করার আগে দেখতে হবে আবেদনকারী প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়ছেন কি না। সমস্ত শর্ত পূরণ হলে তবেই স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।













