বাংলা হান্ট ডেস্কঃ বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বকেয়া রয়েছে দীর্ঘ সাত মাস। বেতন না পাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন কর্মীরা এবং তাঁদের পরিবার। এই পরিস্থিতিতে আসন্ন দুর্গাপুজোর আগে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।
পুজোর আগে বেতন মেটানোর দাবি সৌমিত্র খাঁ’র (Soumitra Khan)
দীর্ঘদিন বেতন না মেলায় বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ কর্মবিরতিতে যেতে বাধ্য হন। এর প্রভাব পড়ে দুই পৌর এলাকার দৈনন্দিন পরিষেবায়। বিশেষ করে পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা এবং বর্জ্য ও আবর্জনা পরিষ্কারের কাজ ব্যাহত হয়। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
এই অবস্থায় বিষয়টি নিয়ে মুখ্য সচিবের হস্তক্ষেপ চেয়েছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। চিঠিতে তিনি দ্রুত বকেয়া বেতন মেটানোর জন্য প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

আরও পড়ুনঃ ‘শরীর থেকে পোশাক সরানোয় ধর্ষণ প্রমাণ হয় না’, রায় বদল হাই কোর্টের, কোন মামলায়?
সৌমিত্র খাঁ’র (Soumitra Khan) বক্তব্য, দুর্গাপুজোর আগে কর্মীদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া জরুরি। একইসঙ্গে কর্মীদের কাজ স্বাভাবিক হলে দুই পৌর এলাকার নাগরিক পরিষেবাও দ্রুত আগের অবস্থায় ফিরবে। তিনি চান, পুজোর সময় কোনও কর্মী বা তাঁর পরিবার যেন বেতন না পাওয়ার কারণে আর্থিক অনিশ্চয়তার মধ্যে না থাকেন।













