বাংলা হান্ট ডেস্ক : কলকাতার (Kolkata) পরিচিত রাস্তার নাম পরিবর্তন হতে চলেছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথের নাম নতুন করে নির্ধারণ করার বিষয়ে আলোচনা চলছে। সেই সম্ভাব্য তালিকায় এবার সামনে এল লেনিন সরণির নাম। এই রাস্তার নাম বদলে ভারতীয় জনসংঘের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে করার প্রস্তাব দিতে চলেছেন বিজেপি নেতা তথাগত রায়।
কলকাতার (Kolkata) কোন কোন রাস্তার নাম পরিবর্তন হবে?
শুধু লেনিন সরণিই নয়, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম নিয়েও বিকল্প নাম প্রস্তাব করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি। ফলে আগামী দিনে শহরের বেশ কিছু পরিচিত রাস্তা নতুন নামে পরিচিত হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করা হয়েছে। সেই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। তার মধ্যেই আরও কয়েকটি নাম পরিবর্তনের উদ্যোগ সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
রাস্তার নাম নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন,”কলকাতায় কোনও মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না। এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন, মর্যাদা দেবে রাজ্য সরকার।”
এরপরেই নাম পরিবর্তনের বিষয়টি দেখার জন্য একটি পৃথক কমিটি তৈরি করা হয়। কলকাতা তথা রাজ্যের বিভিন্ন সড়ক, সেতু এবং অ্যাভিনিউয়ের নাম পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রস্তাব দেওয়ার দায়িত্ব রয়েছে এই কমিটির উপর। কার্তিক মহারাজকে চেয়ারম্যান করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন তথাগত রায়ও। তথাগত রায়ের পরিকল্পনা অনুযায়ী, লেনিন সরণির ক্ষেত্রে দেবপ্রসাদ ঘোষের নামটি সামনে রাখা হচ্ছে। অর্থাৎ প্রস্তাব অনুমোদিত হলে রাস্তার পরিচিতি বদলে হতে পারে “দেবপ্রসাদ ঘোষ সরণি”।
পাশাপাশি, কার্ল মার্কস সরণির জায়গায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নাম বিবেচনা করা হচ্ছে। হো-চি-মিন সরণির পরিবর্তে মার্টিন লুথার কিংয়ের নাম রাখার প্রস্তাবও রয়েছে। কলকাতার স্ট্র্যান্ড রোড অথবা মেয়ো রোডের মধ্যে কোনও একটি জনপথের নাম সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন : ১৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ, গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে কীর্তি আজাদ
তথাগত রায়ের বক্তব্য অনুযায়ী, বিষয়টি নিয়ে কার্তিক মহারাজের সঙ্গে আলোচনা চলছে। তবে শুধু প্রস্তাব উঠলেই রাস্তার নাম বদলে যাচ্ছে না। কমিটির কাছে প্রস্তাব পেশ করার পর সেটি অনুমোদনের ধাপ পেরোতে হবে। এরপরই সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত একাধিক সম্ভাব্য নাম নিয়ে আলোচনা চলছে। কমিটির সিদ্ধান্তের পর কোন কোন প্রস্তাব বাস্তবে কার্যকর হবে, সেটাই এখন দেখার। কমিটির সুপারিশ এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে, শেষ পর্যন্ত কলকাতার কোন কোন রাস্তা নতুন নামে পরিচিত হয়।













