বাংলা হান্ট ডেস্কঃ বন্যা, শিলাবৃষ্টি বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার (PMFBY) সুবিধা পান বহু কৃষক। এবার মাত্র ১ টাকায় এই প্রকল্পে (Government Scheme) নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। কতদিন এই নথিভুক্তিকরণ চলবে জেনে নিন।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় ব্যাপক সাড়া | (PMFBY)
বর্তমানে ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করার কাজ চলছে। শুধুমাত্র আমন ধান চাষিদের ক্ষেত্রে এই নথিভুক্তিকরণের কাজ চলছে। আমন ধান চাষের ক্ষেত্রে যদি কোনও রকম ক্ষতি হয় তাহলে এই বিমা যোজনার অধীন কৃষকরা ক্ষতিপূরণ পাবেন।
আরও পড়ুনঃ কালীঘাট তৃণমূলের পর নতুন তৃণমূল! নন্দীগ্রাম, রেজিনগর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা ঋত শিবিরের
এই বিষয়ে জলপাইগুড়ি জেলা কৃষি আধিকারিক বাবলু সাঁতরা বলেন, কৃষকদের জন্য এটি অত্যন্ত ভালো ব্যবস্থা। মাত্র ১ টাকাতেই তাঁরা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীন আসতে পারছেন। যে যে কৃষক এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন সেরে ফেলতে বলা হচ্ছে। মাইকিংয়ের পাশাপাশি ক্যাম্পের আয়োজন হচ্ছে।
কৃষি দফতর থেকে প্রাপ্ত তথ্য বলছে, ময়নাগুড়ি ব্লকে প্রায় ১৫ হাজার থেকে ১৬ হাজার আমন চাষি রয়েছেন। এর মধ্যে প্রায় ৭৫০০ জন কৃষক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করে ফেলেছেন। নাম নথিভুক্তিকরণের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর অবধি সময় রয়েছে।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আবেদনের জন্য ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় সেলফ রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে। যেসব কৃষকের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, এই ক্যাম্পে তাঁদের ফোন থেকেই নাম নথিভুক্ত করে দেওয়া হচ্ছে। যারা এখনও কোনও কারণবশত আবেদন করতে পারেননি তাঁরা যাতে দ্রুত সেই কাজ সেরে ফেলেন সেই জন্য মাইকিংও শুরু হয়েছে।

এছাড়া কৃষি দফতরের তরফে জানানো হয়েছে, যেসব কৃষক কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেন বা লোনের জন্য আবেদন জানিয়েছেন, তাঁদের ব্যাঙ্কের মাধ্যমেই আবেদনের কাজ হয়ে যাবে। যারা লোন নেন না, তাঁরা আবেদনের জন্য তথ্য মিত্র কেন্দ্রে যেতে পারেন। আবেদনের জন্য আধার কার্ড, জমির কাগজ সহ স্ব-ঘোষণাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হবে।
নানা সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থাকলে ক্ষতিপূরণ পেয়ে কিছুটা সুরাহা হয় তাঁদের। বর্তমানে মাত্র ১ টাকায় এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণের সুযোগ পাওয়া যাচ্ছে।













