বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর মিড ডে মিলের (Mid Day Meal) ইসকন যোগ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কলকাতার পর রাজ্যের আরও কয়েকটি জেলার স্কুলে মিড ডে মিল তথা পিএম পোষণের দায়িত্ব তাঁদের দেওয়া হয়েছিল। তবে এবার রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে নোটিশ দিয়ে জানানো হল, ইসকনের অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হয়েছে।
মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের | (Mid Day Meal)
গত ২১ অগাস্ট উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকার বিদ্যালয়ে মিড ডে মিল সরবরাহ করার দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দিয়েছিল রাজ্য। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই অনুমোদন বাতিল করা হয়েছে। চার জেলার মিড ডে মিল বা পিএম পোষণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই মর্মে লিখিত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ১৭ সেপ্টেম্বরের ছুটি বাতিল! বিশ্বকর্মা পুজোর ছুটি কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি নবান্নর
হঠাৎ কেন অক্ষয় পাত্র ফাউন্ডেশনের অনুমোদন বাতিল করা হল, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দফতরের তরফে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তই ওই চার জেলাকে জানানো হয়েছে। শিক্ষকদের একাংশ এই সিদ্ধান্তের নেপথ্যে আলাদাভাবে ডিম দেওয়ার খরচের বিষয়টি উল্লেখ করেছেন।
তাঁদের মতে, বাজেটের ঘোষণা অনুসারে প্রাথমিকে ১০ টাকা ও উচ্চপ্রাথমিকে ১০ টাকা ১৭ পয়সা রয়েছে। এর মধ্যে আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দফতরের এক কর্তার দাবি, প্রথমে ঠিক হয়েছিল ডিমের বরাদ্দ সংশ্লিষ্ট সংস্থার থেকেই নেওয়া হবে। পরে এই নিয়ে আর কোনও কথা হয়নি।

রাজ্যে পালাবদলের পরেই কলকাতার একটি বড় অংশের স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হয়। রাজ্য জানিয়েছিল, এই ব্যবস্থা সফল হলে পরবর্তীকালে অন্যান্য এলাকাতেও তা চালু করা হতে পারে। শহর কলকাতায় অন্নামৃত ফাউন্ডেশন মিড ডে মিলের দায়িত্ব সামলায়। কলকাতার বাইরে নানা জেলার স্কুলে খাবার সরবরাহের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল। তবে এবার তাঁদের দেওয়া সেই অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হল।













