বাংলা হান্ট ডেস্কঃ ফের মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) মুখে উঠে এল অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গ। নয়া সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকেই এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান শুরু হয়েছে। বর্তমানে সেপ্টেম্বরের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অপেক্ষায় আবেদনকারীরা। এরই মাঝে মঙ্গলবার নন্দীগ্রামে করা সংকল্প সভা থেকেই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গ।
নন্দীগ্রামে অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা | Annapurna Yojana
উপনির্বাচনে নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করে তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রামের বিপুল জনতার কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকবেন। এখানের প্রতিটা পরিবারের হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এই অঙ্গীকার পূর্ণ করব। ইতিমধ্যেই এখানের ৬৭ হাজার মা-বোনকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। ৮০০০ অর্ধসমাপ্ত বাড়িকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। ১৩,৭০০-র বাড়ির জন্য নতুন কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। সকলের কাজ হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন।”
বেশ কিছুদিন ধরে সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে মিলবে তা নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। সেই দিনটিই পালিত হবে অন্নপূর্ণা দিবস।
তার কথায়, ‘আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম নীতি আমরা করেছি। ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অগাস্ট মাসে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ১৭ সেপ্টেম্বর। আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।’

আরও পড়ুন: মিলল স্বস্তি! তৃণমূলের কীর্তি আজাদকে নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি মতোই তিনমাস বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। এই প্রকল্পের আওতায় মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে। যদিও এখনও লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে টাকা মেলেনি বলে অভিযোগ। গত মাসে সরকারি প্রকল্পের ৩ হাজার টাকা ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকলেও এখনও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ উঠছে। এবার সেপ্টেম্বর মাসে যোগ্য বঞ্চিতরা প্রকল্পের সুবিধা পান কিনা সেটাই দেখার।













