ওটিটিতে কী ধরনের কনটেন্ট? খতিয়ে দেখতে নিজস্ব নজরদারি কমিটি গঠন

Published on:

Published on:

Special committee formed to monitor OTT content
Follow

বাংলা হান্ট ডেস্ক : ওটিটি (OTT) প্ল্যাটফর্মের কনটেন্টে এবার নজরদারি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টের ওপর নজরদারির জন্য কমিটি গঠন করেছে। সূত্রের খবর, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কী ধরনের বিষয়বস্তু প্রকাশিত হচ্ছে, তা পর্যবেক্ষণের জন্য সংঘের অভ্যন্তরে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। কনটেন্ট পর্যবেক্ষণের পাশাপাশি তার ভিত্তিতে রিপোর্ট তৈরির দায়িত্বও থাকবে এই কমিটির।

ওটিটি (OTT)-র ওপর এবার নজরদারি চালাবে RSS

শিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রচারকদের এই দলে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বলে সূত্রের দাবি। ওটিটিতে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ও ওয়েব সিরিজ খতিয়ে দেখে সেগুলির বিষয়বস্তু নিয়ে মূল্যায়ন করবে এই দল। জাতীয় স্বার্থের পরিপন্থী কোনও বিষয় তুলে ধরা হচ্ছে কি না, কনটেন্টে শালীনতার সীমা অতিক্রম করা হচ্ছে কি না—এ ধরনের বিষয় বিশেষভাবে খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে প্রকাশিত কনটেন্টের ধরন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষণ শেষে সংগঠনের কাছে রিপোর্ট পেশ করা হবে। ওটিটি কনটেন্টের উপর নজরদারির প্রয়োজনীয়তার কথা অবশ্য এর আগেই প্রকাশ্যে বলেছিলেন RSS প্রধান মোহন ভাগবত।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ অক্টোবর নাগপুরে বিজয়াদশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে প্রদর্শিত কিছু বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান। সেই সময় তিনি বলেন, “ওটিটি প্ল্যাটফর্মগুলিতে যে ধরনের জিনিস দেখানো হয় তা এতটাই জঘন্য যে, এ নিয়ে কথা বলাটাও অশোভন হবে। তাই আমি বলেছি, যে আইনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।”

Special committee formed to monitor OTT content

আরও পড়ুন : কৃষকদের জন্য ৪ বাম্পার সরকারি প্রকল্প! কোন স্কিমে টাকা বেশি? কোনটায় বেশি সুবিধা জানুন

RSS প্রধানের বক্তব্য অনুযায়ী, ওটিটিতে প্রকাশিত কিছু বিষয় সমাজের নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই এই মাধ্যমের উপর নজরদারি থাকা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেছিলেন। এই কমিটি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট পর্যবেক্ষণ করে কী ধরনের রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে RSS পরবর্তীতে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।