বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির ইনিংস একটু স্লো হতেই চড়চড় করে বেড়েছে গরম। প্রখর রোদে ঘর থেকে বেরোলেই ঘেমে নেয়ে একশা হয়ে যাচ্ছে মানুষ। এই আবহে ফের দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল (West Bengal Weather Update) আসতে চলেছে বলে জানানো হয়েছে।
আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বদল | (South Bengal Weather)
রাজ্যে ফের নতুন করে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ শুক্রবার, বিশ্বকর্মা পুজোর দিনও জেলায় জেলায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ প্রাক্তন খেলোয়াড়দের মাসে ১০ হাজার টাকা! কারা পাবেন? কীভাবে আবেদন করতে হবে জানুন
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার তথা বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের সাত জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি। পূর্বাভাস বলছে, আগামীকাল হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের অনেকাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বিস্তীর্ণ এলাকা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি রোজই ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
ব্যাক টু ব্যাক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হওয়ায় গরমের দাপট কিছুটা কম ছিল। তবে বৃষ্টি একটু কমতেই তাপমাত্রার পারদ লাফিয়ে চড়েছে। এই পরিস্থিতিতে ফের মৌসুমি অক্ষরেখা সহ আরও এক অক্ষরেখার প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে গরম থেকে সাময়িক মুক্তি মিলতে পারে বলে মনে করছেন অনেকে।













