বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই রাজ্যের প্রায় ৫০ লক্ষ অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার (Government of West Bengal)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির (CM Krishak Samman Nidhi) ৩ হাজার টাকা করে পাঠানো হবে। কোন কৃষকরা এই টাকা পাবেন, সেটাও স্পষ্ট করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি কারা পাবেন? | (CM Krishak Samman Nidhi)
আগামীকাল হুগলির পুরশুড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে জোরকদমে সেই সভাস্থল তৈরির কাজ চলছে। ওই সভা থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে প্রায় ৫০ লক্ষ নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পাঠানো হবে। পাশাপাশি আলু চাষিদের জন্য আলাদা প্যাকেজও ঘোষণা করা হবে।

সম্প্রতি একটি সভায় শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে আরও ৩ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। আগামী ৫ নভেম্বর রাজ্যের সকল পিএম কিষাণ যোজনার প্রাপক এই অতিরিক্ত টাকা পেয়ে যাবেন।“ ফলে স্বাভাবিকভাবেই আগামীকালের সভা ঘিরে কৃষকমহলে উৎসাহ তুঙ্গে।
আরও পড়ুনঃ অভিষেকের পিএ-কে জেরা করে মিলেছিল হদিশ! তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধার পুলিশের
এই বিষয়ে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান, হুগলি মূলত কৃষিপ্রধান জেলা হিসেবে পরিচিত। আলু চাষিদের নিয়ে কী করা যায়, সেই বিষয়ে রাজ্যের তরফে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। সেটা জমা দেওয়া হয়েছে। এবার প্যাকেজে কী ঘোষণা করা হয় সেদিকে সবার নজর রয়েছে। আলু চাষিদের পাশাপাশি সকল কৃষকের জন্য বড় কিছু অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে বর্তমানে পুরশুড়ায় সাজো সাজো রব। মূল মঞ্চের সামনে তিনটি শেড নির্মিত হয়েছে। মঞ্চের সামনে ৪০ হাজার চেয়ার থাকবে। জেলার নানা প্রান্ত থেকে বহু সাধারণ কৃষক এই সভায় হাজির হতে পারেন। সেই মতো যাবতীয় ব্যবস্থা করেছে প্রশাসন। এদিন থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি এনেছে রাজ্য সরকার। আগামীকাল প্রায় ৫০ লক্ষ যোগ্য কৃষকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে। পাশাপাশি আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজও ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।












