বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে কেরিয়ারের শেষ লগ্নে এসেও স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় দলের (Indian Cricket Team) মহাতারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম ম্যাচে আবার তার উইলোর দাপট দেখলো গোটা ক্রিকেট বিশ্ব। অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিলেন ৩৭ বছর বয়সী তারকা।
এদিন টসে জিতে কিউয়িদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। আনশুল কম্বোজ, অর্শদীপ সিং-দের দাপটে ৪১ ওভারের মধ্যে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এরপর রোহিত শর্মা কোনও খাতা না খুলে ড্রেসিংরুমে ফেরায় কিছুটা চাপে পড়েছিল ভারত। কিন্তু শুভমান গিল ও বিরাট কোহলির জুটিতে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৫ উইকেটে জিতে নেয় ভারত।

এদিন পিচ ব্যাটিংয়ের জন্য খুব একটা উপযোগী ছিল না। কিন্তু বিরাট কোহলি যেন অন্য পিচে ব্যাটিং করতে নেমেছিলেন। ডাফি, জেমিসনদের সামলে মাত্র ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১৩ টি চার ও ১ টি ছক্কা সহযোগে। সেইসঙ্গে ওডিআই ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩,০০০ রান করার কীর্তি গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: এখনই সুযোগ দেওয়া উচিত নয়! এবার বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন শচীন টেন্ডুলকার
ওডিআই ফরম্যাটে তিন নম্বরে ব্যাটিং করে সর্ব্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকা:
১. বিরাট কোহলি: ১৩,০৬২ রান
২. রিকি পন্টিং: ১২,৬৬২ রান
৩. কুমার সাঙ্গাকারা: ৯,৭৪৭ রান
আরও পড়ুন: কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অভিষেক! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এই বড় কীর্তি
তার পাশাপাশি ওডিআই ক্রিকেটে ম্যাচে জেতার ক্ষেত্রে ব্যাট হাতে ১০৮ ইনিংস খেলে ৬,৪৭৭ রান করেছেন তিনি। জেতা ম্যাচে প্রায় ৯০-এর গড়ে ব্যাটিং করা কোহলি ২৫ টি শতরান ও ৩০ টি হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেছেন। তার পাশাপাশি আজকের দুর্দান্ত হাফসেঞ্চুরির পর SENA দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) প্রত্যেকটির মাটিতে ৫০-এর বেশি ওডিআই গড় রাখা প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি।












