বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নতুন আবেদন নিয়ে সম্প্রতি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকে ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে ফের আবেদন জানানো যাবে। তবে এখনও এমন অনেক মহিলা আছেন, যারা হয়তো ক্লেম করার পরেও এই প্রকল্পের (Government Scheme) টাকা পাননি। সেক্ষেত্রে কোথায় ভুল হয়ে থাকতে পারে জেনে নিন।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ -এ গিয়ে সিটিজেন/ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করলে ‘অবজেকশন অ্যান্ড ক্লেম’ অপশন পাওয়া যায়। এখনও টাকা না পাওয়া বহু মহিলা ক্লেম অপশনে গিয়ে ক্লেম করেছেন। তবে তা সত্ত্বেও ৩ হাজার টাকা করে না পেয়ে থাকলে কিছু ভুল হয়ে থাকতে পারে।

জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে গিয়ে কোনও আবেদনকারী ক্লেম অপশনে ক্লিক করলে রিমার্কস বলে একটি অপশন দেখা যায়। অনেকে সেখানে শুধু লেখেন, প্রকল্পের টাকা পাচ্ছেন না বা তাঁদের আবেদন গ্রহণ করা হোক।
আরও পড়ুনঃ ‘আগের দলনেত্রীর থেকেই দলত্যাগ কীভাবে করে শিখেছি’! নথি জমা করে বিস্ফোরক কাকলি
তবে রিপোর্ট বলছে, ওই অংশে নিজের সমস্যার কথা স্পষ্টভাবে লিখতে হবে। পাশাপাশি সেই সমস্যার সমাধান করে ফেললে সেটাও জানাতে হবে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে নামের বানান, বয়স বা ঠিকানায় কোনও ভুল থাকলে সেই বিষয়ে উল্লেখ করতে হবে। পাশাপাশি জানাতে হবে, সেই ভুল সংশোধন করেছেন এবং সংশোধিত নথিপত্রও জমা করেছেন।
রিপোর্ট অনুযায়ী, অন্নপূর্ণা যোজনা নিয়ে অনলাইনে দাবি জানানোর পর সাবমিট করা ওয়েবপেজের একটি প্রিন্ট আউট বের করতে হবে। এরপর সেটি ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট বিডিও অফিস বা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে সবকিছু খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ কী নিতে হবে তা জানিয়ে দেওয়া হতে পারে।












