কোনও ক্রিকেটারের সাথে প্রতিযোগিতা নয়, ছক্কার রেকর্ডে বিশ্বের সকল দেশকেই পেছনে ফেলে দিলেন সূর্যবংশী

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহী-কে হারিয়ে দিলো ভারতীয় ‘এ’ দল (India ‘A’ Team)। বা বলা ভালো ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ব্যাটের দাপটে ছিন্নভিন্ন হয়ে গেলো সংযুক্ত আরব আমিরশাহী। রাইজিং স্টার্স এশিয়া কাপের (2026 Rising Stars Asia Cup) তৃতীয় ম্যাচে ইউএই ‘এ’ দলের দেওয়া ২৪৯ রানের টার্গেট বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে ১৫ ওভারের মধ্যেই তাড়া করে নিলো ভারতীয় ‘এ’ দল। সূর্যবংশী ছাড়া দলের আর কোনও তারকাকে ৩০ রানের গণ্ডিও ছুঁতে হয়নি।

এদিন ব্যাট হাতে সূর্যবংশী যা করলেন, তাকে তান্ডব বললেও কম বলা হবে। এদিন নিজের প্রথম হাফসেঞ্চুরি সম্পূর্ণ করতে ১৬ বল খরচ করেছিলেন এই তরুণ তারকা। নিজের ইনিংসে এই নির্দিষ্ট সময়টা সবচেয়ে ধীরগতিতে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু তারপর বাকি ৩৬ বল তিনি ব্যাটিং করেন ৪০০-এর বেশি স্ট্রাইক রেট সহ।

এদিন বৈভব নিজের হাফসেঞ্চুরি ১৬ বলে সম্পূর্ণ করার পর ২৮ তম বলে শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। তিনি লিস্ট এ ক্রিকেটে অস্ট্রেলিয়ার আগ্রাসী ওপেনার জ্যাক ফ্রেসর ম্যাকগার্কের রেকর্ড (২৯ বলে শতরান) ভেঙে দেন। এরপর ১৫০ রানের গণ্ডি ছুঁতে তার লাগে মাত্র ৪০ বল। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে নিজের ৫৯ বলে দেড়শো রানের গণ্ডি ছোঁয়ার লিস্ট ‘এ’ ক্রিকেট রেকর্ডও তিনি নিজের হাতেই ভাঙেন।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

এরপর নিজের ইনিংসের ৫২ তম বলে তিনি দ্বিশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। ৫৩ তম বলে তিনি ইউএই বোলার বাশিল হামিদের শিকার হন। নিজের এই ২০৪ রানের ইনিংসের ১৯৬ রান তিনি করেন শুধুমাত্র বাউন্ডারির মাধ্যমে। তার ইনিংসটি সাজানো ছিল ৭ টি চার ও ২৮ টি ছক্কা দিয়ে। লিস্ট এ ক্রিকেটে এটি এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড।

আরও পড়ুন: জিততেই চায়নি ভারত, শুভমান গিলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার!

এদিন দলগত ভাবে বিশ্ব ক্রিকেটের সকল দেশকে টেক্কা দিয়েছেন তিনি। ক্রিকেট খেলিয়ে দেশগুলির সিনিয়র ওডিআই দলগুলির মধ্যে একটি ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক ম্যাচে গোটা ইংল্যান্ড দল ২৬ টি ছক্কা মেরেছে যা আজও ওডিআইতে বিশ্বরেকর্ড। কিন্তু সিনিয়র দলের হয়ে না হলেও এদিন দল হিসেবেই ইংল্যান্ডকে পেছনে ফেলে দিয়েছেন ১৫ বছর বয়সী এই তরুণ।