বাংলা হান্ট ডেস্ক : নেপালের হড়পা বানের ঘটনায় এখনও স্বজনের অপেক্ষায় বাংলার একাধিক পরিবার। প্রিয়জনের সন্ধান না মেলায় একদিকে যেমন দুশ্চিন্তা বাড়ছে, তেমনই অনেক সংসারে দেখা দিয়েছে আর্থিক অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে নিখোঁজদের পরিজনদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্নে সংশ্লিষ্ট পরিবারগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
নেপালে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)
বৈঠকে পরিবারগুলির পরিস্থিতির কথা শোনেন মুখ্যমন্ত্রী। কোথাও নিখোঁজ ব্যক্তি ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী, আবার কোনও পরিবারের প্রধান রোজগার করতেন রাজমিস্ত্রির কাজ করে। ফলে তাঁর কোনও সন্ধান না মেলায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এই ধরনের পরিবারগুলির আর্থিক দুরবস্থা কীভাবে দ্রুত সামাল দেওয়া যায়, তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হয়।
নবান্ন সূত্রে খবর, আর্থিকভাবে সবচেয়ে সমস্যায় থাকা একটি পরিবারের জন্য ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক মাসের বেতন ওই পরিবারের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। চলতি মাসের বেতন তিনি নিজে নেবেন না বলেও জানান। পাশাপাশি শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, ভবিষ্যতেও যাতে পরিবারগুলি সরকারি সহায়তা পায়, তার জন্য আলাদা পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরাই যাঁদের সংসারের মূল ভরসা ছিলেন, তাঁদের পরিবারের জন্য কর্মসংস্থানের সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। স্বল্পমেয়াদে প্রয়োজনীয় সাহায্যের পাশাপাশি দীর্ঘমেয়াদে পরিবারগুলিকে স্থায়ীভাবে সহযোগিতা করার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : বিশ্বকর্মা পুজোয় ভাসবে বাংলা! দক্ষিণবঙ্গের ৭ জেলায় দুর্যোগের পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?
উল্লেখ্য, গ্রুপে সেখানে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের পাশাপাশি একজন পুলিশকর্মী এবং একজন সিভিক ভলান্টিয়ারকে রাখার কথা বলা হয়েছে।নির্দিষ্ট পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী বিষয়টি প্রশাসনের নজরে আনবেন। এর ফলে নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসনের যোগাযোগও বজায় থাকবে।













