বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) এই প্রজন্মের সবচেয়ে বিপজ্জনক ব্যাটার কে? এই প্রশ্নটা সামনে আসলে বেশিরভাগ ক্রিকেটপ্রেমী বিরাট কোহলির (Virat Kohli) নাম নেবেন। অনেকের মুখে উঠে আসবে প্রতিভাবান রোহিত শর্মার নাম। কিন্তু একটু ভিন্ন পথে হাঁটলেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো তারকা বোলার প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি নিজের দেখা সবচেয়ে বিপজ্জনক ভারতীয় ব্যাটার হিসেবে চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) বেছে নিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অজি অধিনায়ক। তার নেতৃত্বেই ২০২৩ সালে ভারতের মাটিতে বিরাট, রোহিত সমৃদ্ধ ভারতীয় দলকে ১ লক্ষ দর্শকের সামনে হারিয়ে ওডিআই বিশ্বকাপ ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বিভিন্ন দেশের সেরাদের বেছে নিয়েছেন। সেই সময় ভারতের প্রসঙ্গ ওঠায় তিনি কোহলি বা রোহিতের বদলে বেছে নেন পূজারাকে।

তার এই চয়নের পেছনে যুক্তিও সাজিয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার তথা অধিনায়ক বলেছেন, “ভারতের হয়ে আমি পূজারার নামই বলব। তাকে আউট করা সত্যিই খুব কঠিন—ঠিক যেন হাজারটা কাগজের আঁচড়ে তিলে তিলে মৃত্যুর মতো। তিনি চাইলে অনায়াসেই ১০০টি ডট বল খেলে দিতে পারেন; আপনাকে কোনো সুযোগই দেবেন না।”
আরও পড়ুন: বিশ্ব রেকর্ড ভেঙে ভারতীয় দলের কোচ গম্ভীরকে নিয়ে বড় মন্তব্য অভিষেক শর্মার! ফাঁস করলেন বড় রহস্য
প্যাট কামিন্স এমন মনে হওয়ার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ২০১৮-১৯ এবং ২০২০-২১ এই দুই মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। দুই ক্ষেত্রেই চেতেশ্বর পূজারার ভূমিকা ছিল অনিবার্য। বিশেষত ঐতিহাসিক গাব্বা টেস্ট জয়ের মুহূর্তে পূজারার একাধিক আঘাত সামলে খেলা ৭৬ রানের ইনিংস প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছে। দুই সিরিজেই পূজারার ব্যাটিং সাধনা খুব কাছ থেকে দেখেছেন কামিন্স।
আরও পড়ুন: BCCI-এর শতবর্ষ উপলক্ষে মুখোমুখি হবে ভারত বনাম গোটা বিশ্ব ক্রিকেট একাদশ? জানুন বিস্তারিত…
গত দশকে ভারতের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম মূল স্তম্ভ ২০২৫ সালের আগস্ট মাসে অবসর ঘোষণা করেন। ১০৩ টি টেস্ট ম্যাচ খেলা এই তারকার নামের পাশে ছিল ৭,১৯৫ রান। ১৯ টি টেস্ট শতরান করা যায় তারকা ৪৩.৬০ গড় বজায় রেখেছেন গোটা কেরিয়ার জুড়ে। ভারতীয় টেস্ট দলের আধিপত্যর অন্যতম প্রধান কারণ ছিলেন তিনি।













