বাংলা হান্ট ডেস্কঃ দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে গত সপ্তাহে ফের একবার ডিম হামলার মুখে পড়েন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরেই এই ঘটনা ঘটেছিল। এবার সেই সূত্রে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।
ডিম হামলার শিকার হয়ে হাইকোর্টে মহুয়া | (Mahua Moitra)
গত বুধবারের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চরম প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন মহুয়া। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উত্থাপন করেন তৃণমূল সাংসদের আইনজীবী। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানানো হয়।
আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন? কোথায় যাবেন? বড় খবর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা
আদালতের তরফে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি স্পষ্ট জানান, নির্দিষ্ট নিয়ম ও তালিকা মেনে এই মামলার শুনানি হবে।
গত বুধবার নদিয়ার তেহট্ট থানার নাটনায় দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে তীব্র বিক্ষোভ ও বাধার মুখে পড়েছিলেন মহুয়া। অভিযোগ, সাংসদ সেখানে পৌঁছনো মাত্রই বিজেপি নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৈঠক শেষ করে বাইরে বেরনো মাত্রই তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান, কালো পতাকা দেখানোর পাশাপাশি ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। এই নিয়ে আগেই নিজের সমাজমাধ্যমে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। যদিও বিজেপির দাবি, এই ঘটনায় তাঁদের দলের কেউ জড়িত নন।

ভিডিওবার্তায় মহুয়া বলেছিলেন, “আদালতের নির্দেশ মতো আমার সঙ্গে চারজন পুলিশ কর্মী ছিলেন। হামলার সময় আরও পুলিশকর্মী এসে আমাকেই গাড়িতে তোলার চেষ্টা করছিলেন। পশ্চিমবঙ্গে এখন এটাই চলছে! হাইকোর্ট স্পষ্ট বলেছে এমন হওয়া উচিত নয়। কিন্তু তা সত্ত্বেও…।“
মহুয়ার মূল অভিযোগ, আদালত আগেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিলেও কৃষ্ণনগরের পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসেছিল। এবার এই ঘটনা সূত্রে সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। মামলার শুনানিতে কী হয় সেটাই দেখার।














