বাংলা হান্ট ডেস্ক : মূর্তি নদীকে ঘিরে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে এবার নতুন সংযোজন হতে চলেছে একটি নজরকাড়া সেতু। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উদ্বোধনের পর সাধারণের জন্য খুলে দেওয়া হবে মূর্তি নদীর ব্রিজ (Murti River Bridge)। উদ্বোধনের আগেই সেতুটির ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়ায় তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।আলাদা করে নজর কাড়ছে নতুন ধনুকাকৃতি আর্চ সেতুটির এই পরিকাঠামো।
মূর্তি নদীর ব্রিজ (Murti River Bridge) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
সেতুটি চালু হলে, এখনের তুলনায় প্রায় ১০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হবে। এর ফলে লাটাগুড়ি, জলপাইগুড়ি, নাগরাকাটা, লুকসান এবং মহাবাড়ির মতো এলাকার সঙ্গে যোগাযোগ আরও সরল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি পণ্য ও পরিষেবা পরিবহণেও এর প্রভাব পড়তে পারে।
পর্যটনের ক্ষেত্রেও সেতুটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয়দের আশা, সহজ যোগাযোগের কারণে জলঢাকা বিন্দু, রঙ্গু কিংবা কুমাইয়ের মতো জায়গাগুলিতে পর্যটকের সংখ্যা বাড়তে পারে। পর্যটক বাড়লে গাড়ি পরিষেবা, খাবারের দোকান, ছোট ব্যবসা এবং অন্যান্য স্থানীয় পরিষেবার চাহিদাও বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই সেতু তৈরি হয়ে গেলেও এতদিন সেটি ব্যবহার করা যায়নি। নির্মাণকাজ আগেই শেষ হয়ে গিয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কিন্তু নির্বাচনী বিধিনিষেধের কারণে আনুষ্ঠানিক উদ্বোধন আটকে ছিল। এবার সেই বাধা কাটিয়ে মঙ্গলবার উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন : পুজোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! কারা পাবেন এই টাকা?
প্রায় চার বছরের অপেক্ষার পর মূর্তি নদীর উপর নতুন এই যোগাযোগ পরিকাঠামো বাস্তবে কাজে আসতে চলেছে।সেতুর উদ্বোধনের পর, যোগাযোগের দূরত্ব কমার পাশাপাশি পর্যটনের প্রসার ঘটলে এই সেতু মূর্তি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আনতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।














