অন্নপূর্ণার টাকা আটকে? স্ট্যাটাস দেখে বুঝে নিন এখন কী করতে হবে

Published on:

Published on:

Annapurna Yojana Check Your Status
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। আবেদন ও নথিপত্র যাচাই শেষ হওয়ার পর ধাপে ধাপে তাঁদের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আইসিডিএস কর্মী ও আশা কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণার (Annapurna Yojana) স্ট্যাটাসে কী লেখা থাকলে কী করবেন?

এই মুহূর্তে অনেকের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) স্ট্যাটাসে আলাদা আলাদা তথ্য দেখা যাচ্ছে। কারও ক্ষেত্রে রয়েছে ‘Under Process’, কারও ক্ষেত্রে ‘For Further Verification’, আবার কারও ক্ষেত্রে দেখাচ্ছে ‘Bank Validation Failure’। তাই কোন স্ট্যাটাসের ক্ষেত্রে কী করতে হবে, তা জেনে রাখা জরুরি।

Under Process : যাঁদের স্ট্যাটাসে ‘Under Process’ দেখাচ্ছে, তাঁদের এখন নতুন করে কোথাও কোনও কাগজ জমা দিতে হবে না। এর অর্থ, তাঁদের আবেদন ও নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলছে। যাচাই শেষ হলে নিয়ম অনুযায়ী তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করবেন।

For Further Verification : যাঁদের ক্ষেত্রে ‘For Further Verification’ দেখাচ্ছে, তাঁদেরও নতুন করে কোনও কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে সিটিজেনশিপ পোর্টালে লগইন করে একটি ক্লেইম করতে হবে। ক্লেইম করার পর একটি আইডি পাওয়া যাবে। সেই আইডি দিয়ে মাঝে মাঝে স্ট্যাটাস দেখে নিতে হবে। পরবর্তী যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে টাকা পাওয়া শুরু হবে।

Bank Validation Failure : ‘Bank Validation Failure’ দেখালে বিষয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত। এই ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্ক বা আধার লিঙ্ক ঠিকভাবে করা রয়েছে কি না। কোনও সমস্যা থাকলে ব্যাঙ্কে গিয়ে সেটি ঠিক করতে হবে। এরপর আবার ক্লেইম করতে হবে। পরবর্তী যাচাইয়ে সব তথ্য ঠিক থাকলে পরের ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া শুরু হবে।

Annapurna Yojana Women Protest Over 3000 Aid

আরও পড়ুনঃ অন্নপূর্ণার ৩০০০ টাকা কই? জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ, কোথাও পঞ্চায়েতে তালা

সরকার সারা মাস ধরে টাকা দেয় না। মাসের একটি নির্দিষ্ট সময়ে টাকা পাঠানো হয়। তাই কোনও মাসে কারও অ্যাকাউন্টে টাকা না এলেই যে তিনি প্রকল্প থেকে বাদ পড়েছেন, এমনটা নয়। যে কারণে টাকা আটকে রয়েছে, সেই সমস্যা ঠিক করার পর পরবর্তী সময়ে তিনি আবার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেতে শুরু করতে পারেন।