বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩ হাজার টাকা না পাওয়ার অভিযোগে ফের রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখালেন মহিলারা। তাঁদের দাবি, নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করার পরও ৩-৪ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সোমবার মালদহ, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় এই নিয়ে বিক্ষোভ হয়। কোথাও বিডিও অফিসের সামনে ধর্না, কোথাও রাস্তা অবরোধ, আবার কোথাও পঞ্চায়েত অফিসে তালা ঝোলানো হয়।
Annapurna Yojana : মালদহে বিডিও অফিসে বিক্ষোভ
হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কয়েক জন মহিলা সোমবার বিডিও অফিসে যান। তাঁদের অভিযোগ, চলতি মাসেও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাননি। বিডিও দেবাশিস সামন্তের সঙ্গে দেখা করতে চাইলেও অফিসের সামনে ব্যারিকেড ছিল। সেখানে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন ছিলেন। এরপরই মহিলারা অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, নিয়ম মেনে আবেদন করেও টাকা মিলছে না। অথচ তাঁদের দাবি, অনেক সচ্ছল পরিবারের মহিলাও টাকা পাচ্ছেন। বারবার বিডিও অফিসে গিয়েও সমস্যার সমাধান হয়নি।
নদিয়ায় প্রশাসনের কাছে অভিযোগ
কৃষ্ণগঞ্জ ব্লক অফিসের সামনেও কয়েক জন মহিলা বিক্ষোভ করেন। তাঁদের দাবি, প্রয়োজনীয় সব নথি দিয়ে আবেদন করার পরও টাকা পাননি। একই সময়ে আবেদন করা অন্য মহিলারা টাকা পেলেও তাঁদের নাম তালিকায় নেই বলে অভিযোগ। সকাল থেকে অফিসের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ চলে। পরে প্রশাসনের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে কথা বলেন। নথি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন তাঁরা।
হুগলিতে পঞ্চায়েতে তালা
পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েত অফিসে মহিলা বিজেপি কর্মীরা তালা দিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। তাঁদের দাবি, গত তিন মাস ধরে অন্নপূর্ণার টাকা পাননি তাঁরা। সমস্যা জানাতে চুঁচুড়ার বিধায়কের কাছেও গিয়েছিলেন বলে জানান তাঁরা। তাতেও কাজ হয়নি। বিক্ষোভকারী সুপর্ণা সরকার বলেন, জুলাইয়ে আবেদন করেও এখনও টাকা পাননি। বিজেপি কর্মী রাখী মালিকের দাবি, কয়েক জন যোগ্য মহিলা আবেদন করার চার মাস পরেও টাকা না পাওয়ায় পঞ্চায়েতে তালা দেওয়া হয়েছে। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
খড়্গপুরে রাস্তা অবরোধ
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে অন্নপূর্ণার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে পুরসভার গেটের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা। পুলিশ গিয়ে কথা বলার পর রাস্তা থেকে সরে যান তাঁরা। তবে পরে পুরপ্রধানের অফিস ঘিরে বিক্ষোভ করেন। মহিলাদের অভিযোগ, কয়েক মাস ধরে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ জানান, তাঁদের আবেদনপত্র জেলাশাসকের কাছে পাঠানো হবে।
হাওড়াতেও একই অভিযোগ
পাঁচলা বিডিও অফিসের সামনেও সোমবার বিক্ষোভ হয়। মহিলাদের অভিযোগ, চার মাস ধরে টাকা পাচ্ছেন না তাঁরা। নথি জমা দেওয়ার পরও টাকা মেলেনি। তাঁরা রাস্তা অবরোধ করলে প্রশাসনের আধিকারিকেরা এসে অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। এরপর অবরোধ তুলে নেন মহিলারা। একই দাবিতে উদয়নারায়ণপুরেও রাস্তা অবরোধ করা হয়।
আগেও টাকা নিয়ে বিক্ষোভ
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে গত মাসেও বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছিল। শুভেন্দু জানিয়েছিলেন, ২০ অগস্ট দুপুর ১২টার মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা না ঢুকলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরপরও অনেক মহিলা নিজেদের যোগ্য দাবি করে বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ স্কুলে অনুপস্থিত শিক্ষকদের নিয়ে কড়া শিক্ষা দফতর, জারি হল নির্দেশিকা
১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, রাজ্যের দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের (Annapurna Yojana) চতুর্থ কিস্তির টাকা পৌঁছচ্ছে। তার পরেও চলতি মাসে টাকা না পাওয়ার অভিযোগে ফের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে।














