বাংলা হান্ট ডেস্কঃ নিউটাউনে আদানি আরোগ্য মন্দির (Adani Arogya Mandir) গড়ে তুলছে আদানি গোষ্ঠী। বৃহস্পতিবার সেই হাসপাতালের শিলান্যাস হয়েছে। উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani), তাঁর স্ত্রী প্রীতি আদানি, পুত্র করণ আদানি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক বিশিষ্টজন। অত্যাধুনিক এই হাসপাতালে দুঃস্থদের জন্য ১ হাজার বেড থাকবে। সেখানে কীভাবে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে, তা স্পষ্ট করেছেন গৌতম আদানি নিজে।
আদানি আরোগ্য মন্দিরে মিলবে বিনামূল্যে চিকিৎসা | (Adani Arogya Mandir)
আদানি আরোগ্য মন্দিরে মোট ২ হাজার বেড থাকবে। এর মধ্যে ৫০ শতাংশ বেড তথা ১ হাজার বেড বরাদ্দ থাকবে আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য। তাঁরা সেখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। তবে এই সুবিধা পেতে গেলে কী শর্ত রয়েছে সেটা এতদিন জানা ছিল না। গতকাল তা স্পষ্ট করে শিল্পপতি নিজে।
আরও পড়ুনঃ DA নিয়ে চর্চার মাঝেই অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
গৌতম আদানি বলেন, “আদানি আরোগ্য মন্দির বিশ্বমানের হবে। শুধুমাত্র লাভের জন্য নয়, এটি একটি চিকিৎসা প্রতিষ্ঠান হবে। এখানে ২ হাজার বেড থাকবে। আর্থিকভাবে দুর্বলদের জন্য ১ হাজার বেড থাকবে। রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্যবিমা কাজে লাগবে।“
এছাড়াও আদানি গোষ্ঠীর চেয়ারম্যান জানান, আদানি আরোগ্য মন্দিরে মেডিক্যাল কলেজ তৈরি হবে, উন্নত গবেষণার সুযোগ থাকবে। হাসপাতাল, কলেজ ও গবেষণাকেন্দ্র তৈরিতে ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। সব মিলিয়ে বাংলায় ১০ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানান তিনি।

এক্ষেত্রে জানিয়ে রাখি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই বাংলায় কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এনেছে রাজ্য সরকার। গতকাল গৌতম আদানি জানিয়েছেন, আদানি আরোগ্য মন্দিরে কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্যবিমা কাজে আসবে।













