বাংলা হান্ট ডেস্ক: ভারতে LPG কানেকশন সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত এপ্রিল থেকে অগাস্টের মধ্যে ঘরোয়া LPG গ্রাহকের (LPG Customers) সংখ্যা ৬২ লক্ষ কমেছে। অয়েল মিনিস্ট্রির তথ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে দেশে (India) অ্যাকটিভ ঘরোয়া LPG গ্রাহকের সংখ্যা ছিল ৩৩.৩৯ কোটি। যা সেপ্টেম্বরের শুরুতে কমে ৩২.৭৭ কোটিতে দাঁড়িয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, LPG গ্রাহক (LPG Connection) সংখ্যায় এহেন হ্রাস দীর্ঘসময় পর দেখা গেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
দেশজুড়ে বন্ধ ৬২ লক্ষ LPG কানেকশন (LPG Connection):
LPG গ্রাহকের সংখ্যা কত কমেছে: জানিয়ে রাখি যে, ভারতে বিগত কয়েক বছর ধরে LPG কানেকশন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। ২০১৫-১৬ সালের শুরুতে দেশে প্রায় ১৪.৮৬ কোটি অ্যাকটিভ এলপিজি গ্রাহক ছিলেন। এরপর এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে ২০২৭ সালের শুরুতেই ৩৩.৩৯ কোটিতে পৌঁছয়। এর মানে হলো, LPG গ্রাহকের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছিল। যদিও, ২০২৬ সালে চিত্রটা পাল্টে গিয়েছে। এপ্রিল থেকে আগস্টের মধ্যে সক্রিয় গ্রাহকের সংখ্যা ১ শতাংশ কমে গিয়েছে। এখন সেপ্টেম্বরের শুরুতে LPG গ্রাহকের সংখ্যা কমে ৩২.৭৭ কোটিতে দাঁড়িয়েছে।

গ্রাহক সংখ্যা কমে যাওয়ার কারণটা কী: উল্লেখ্য যে, LPG গ্রাহক কমে যাওয়ার কোনও নির্দিষ্ট কারণ নেই। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ LPG সরবরাহে প্রভাব ফেলেছে। যা ভারতের সমস্যা আরও বাড়িয়েছে। যুদ্ধের আগে ভারতের ৯০ শতাংশ LPG আমদানি উপসাগরীয় অঞ্চল থেকে আসত। সরবরাহের ওপর চাপ বৃদ্ধির কারণে তেল বিপণনকারী সংস্থাগুলি নতুন LPG কানেকশন কমিয়ে দিয়েছে। এদিকে, LPG কানেকশন ভেরিফাই করার জন্য আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করা হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৭.৪৩ কোটি (৮৯.৯ শতাংশ) অ্যাকটিভ ঘরোয়া LPG গ্রাহক তাঁদের বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পন্ন করেছেন। যাঁরা এখনও এটি করেননি, তাঁরা সমস্যার সম্মুখীন হতে পারেন। এমতাবস্থায়, গ্যাস কানেকশন এবং সরবরাহের ওপর এর কিছু প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে নির্ধারিত মূল্যে ভর্তুকিযুক্ত LPG রিফিল বুক করার জন্য এই অথেন্টিকেশন আবশ্যক হবে।
উজ্জ্বলা যোজনার গ্রাহক সংখ্যাও কী কমেছে: জানিয়ে রাখি যে, LPG গ্রাহক সংখ্যা হ্রাসের প্রভাব উজ্জ্বলা যোজনার ওপরেও দেখা গেছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকের সংখ্যা প্রায় ৬ লাখ কমে এখন মাত্র ১০.৫৭ কোটিতে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ অর্থবর্ষে ভারতে LPG ব্যবহারের পরিমাণ ছিল প্রায় ৩১.৩ মিলিয়ন টন। যেখানে অভ্যন্তরীণ উৎপাদন ছিল প্রায় ১২.৮ মিলিয়ন টন। এমন পরিস্থিতিতে চাহিদা ও দেশীয় উৎপাদনের মধ্যে ঘাটতি আমদানির মাধ্যমে মেটাতে হয়।
আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১৪.৮৮ বিলিয়ন ডলারের পতন! নেপথ্যে কোন কারণ?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্চের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত দক্ষিণ ভারতে LPG গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি কমেছে। যা প্রায় ২৬.৩ লক্ষ। এরপরেই রয়েছে পশ্চিম ভারত (১৬.২ লক্ষ) এবং উত্তর ভারত (১৫ লক্ষ)। পূর্ব ভারতেও গ্রাহক সংখ্যা ৩.৪ লক্ষ কমেছে। তবে, উত্তর ভারতে এখনও LPG গ্রাহকের সংখ্যা সর্বাধিক। সেপ্টেম্বরের শুরুতে উত্তর ভারতে এই সংখ্যা ছিল প্রায় ৯.৯৩ কোটি। এছাড়াও, দক্ষিণ ভারতে ৭.৯৮ কোটি, পশ্চিম ভারতে ৬.৮৩ কোটি এবং পূর্ব ভারতে ৬.৭৫ কোটি LPG গ্রাহক রয়েছেন।
আরও পড়ুন: গ্রাহকদের সুবিধার্থে বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের! ধর্মঘট চলাকালীন SBI-র ATM-এ লাগবে না চার্জ
বাড়ছে PNG-র ব্যবহার: এখন অনেকেই LPG কানেকশন ছেড়ে PNG ব্যবহার শুরু করছেন। কানেকশন কমে যাওয়ার অন্যতম কারণ হল PNG। যেসব এলাকায় PNG-র সুবিধা রয়েছে, সেখানে সরকার ও গ্যাস কোম্পানিগুলি জনগণকে LPG-র পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিতে অনুরোধ করছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষে জুলাই পর্যন্ত PNG-তে প্রায় ৬ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হওয়ায়, মোট গ্রাহক সংখ্যা বেড়ে ১.৭৫ কোটি হয়েছে।













