পুলিশকে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েও হল না রক্ষা! এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার

Published on:

Published on:

Notorious gangster Karanbir Singh killed in an encounter in Punjab.
Follow

বাংলাহান্ট ডেস্ক: জেল ভেঙে পালানোর পর থেকে পাঞ্জাব (Punjab) পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত গ্যাংস্টার করণবীর সিং (Karanbir Singh)। শেষ পর্যন্ত শনিবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তার। কান্দোয়ালিয়া এলাকায় করণবীরের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এলাকা ঘিরে তাকে আত্মসমর্পণের জন্য বলা হলেও অভিযোগ, পালটা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। এরপরই শুরু হয় সংঘর্ষ। দু’পক্ষের মধ্যে প্রায় ১৪ রাউন্ড গুলি বিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে করণবীর। গুরুতর আহত অবস্থায় তাকে আজনালা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পাঞ্জাবে (Punjab) এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার করণবীর সিং

এই সংঘর্ষে পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, করণবীরের ছোড়া গুলিতে হেড কনস্টেবল মনদীপ সিংয়ের বুকে আঘাত লাগে। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে কনস্টেবল অমৃতপাল সিংয়ের উরুতে গুলি লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসা চলছে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে একটি বাইক এবং দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। করণবীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখছে তদন্তকারী দল (Punjab)।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে দিল্লির বিরুদ্ধে একাধিক অভিযোগ শরিফের! ‘সন্ত্রাসবাদীদের পরিণাম ভুগতে হবে’, জবাব ভারতের

করণবীরকে ঘিরে পুলিশের এই অভিযান আসলে শুরু হয়েছিল কয়েকদিন আগেই। গত ১১ সেপ্টেম্বর রাতে অমৃতসর কমিশনারেটের পুলিশ লাইনে কর্মরত এএসআই যশবন্ত সিং বাইকে করে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দুই যুবক বাইকে চেপে তাঁর কাছে আসে এবং মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর পাগড়ি ভেদ করে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান যশবন্ত এবং সামান্য আহত হন। ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই করণবীরকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তারের পর আদালত করণবীরকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠায়। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। এরপর থেকেই তাকে ধরতে পাঞ্জাব পুলিশের একাধিক দল তল্লাশি শুরু করে। দীর্ঘ খোঁজের পর সম্প্রতি পুলিশের কাছে খবর আসে, করণবীর সানসি এলাকার আশপাশে ঘোরাফেরা করছে। সেই তথ্যের ভিত্তিতেই শনিবার ওই এলাকায় পৌঁছে যায় পুলিশ। চারদিক থেকে এলাকা ঘিরে ফেলে অভিযুক্তকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

Notorious gangster Karanbir Singh killed in an encounter in Punjab.

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে নাবালিকা ধর্ষণের ঘটনা! চাঞ্চল্যকর তথ্য সামনে আনল NCRB

তবে আত্মসমর্পণের পরিবর্তে করণবীরের গুলি চালানোর অভিযোগই শেষ পর্যন্ত পরিস্থিতিকে সংঘর্ষের দিকে নিয়ে যায়। পুলিশের পালটা গুলিতে পায়ে ও বুকে আঘাত পায় সে। এরপর হাসপাতালে নিয়ে গেলেও তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। একদিকে কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর হামলার অভিযোগ, অন্যদিকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া—পরপর এই ঘটনাগুলির পর করণবীরকে ঘিরে পাঞ্জাব পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে। শনিবারের সংঘর্ষের পর তার মৃত্যু সেই অভিযানেরই পরিণতি। তবে পুরো ঘটনার পরিস্থিতি, অস্ত্রের উৎস এবং সংঘর্ষের প্রতিটি দিক খতিয়ে দেখতে তদন্ত চলছে (Punjab)।