বাংলাহান্ট ডেস্ক : কৃষক স্বার্থে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের হিমঘরে মজুত থাকা আলু (Potato) বাইরের রাজ্যে রেলের রেকে করে পাঠানোর জন্য ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল সরকার। প্রতি কুইন্টালে ১০০ টাকা পরিবহণ ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। হিমঘরগুলিতে রাজ্যের প্রয়োজনের তুলনায় অনেক বেশি আলু মজুত থাকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ভিন রাজ্যে আলু (Potato) পাঠালে সরকারি ভর্তুকি
কৃষি বিপণন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৩ লক্ষ টন আলু পাঠানোর জন্য এই আর্থিক অনুদান দেওয়া হবে। জানা যাচ্ছে, প্রচুর আলু মজুত থাকায় চাষিরা এবং যারা হিমঘরে আলু মজুত করে রেখেছেন তারা এবার দাম কম পাচ্ছেন।

কত টাকায় বিকোচ্ছে: প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, জ্যোতি আলুর ৫০ কেজি বস্তার বন্ড ১৫০ টাকার কমে বিক্রি হচ্ছে। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ মেটানোর পর আলুতে কেজি প্রতি দাম পাওয়া যাচ্ছে ৭-৮ টাকা। এতে চাষিরাই পড়ছেন ক্ষতির মুখে।
কত আলু মজুত আছে: জানা যাচ্ছে রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় ৪০ লক্ষ টন আলু মজুত রয়েছে। তবে ব্যবসায়ী মহলের মতে, যে হারে আলু (Potato) বেরোচ্ছে তাতে আগামী ৩ মাসে বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি নতুন চাষে ব্যবহার করার পরেও আরও ১০ লক্ষ টন আলু থেকে যেতে পারে।
আরও পড়ুন : ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন বিজেপি বুথ সভাপতিকে
এমতাবস্থায় সরকারি ভর্তুকি পেলে কিছুটা কম খরচে বেশি পরিমাণে আলু অন্য রাজ্যে পাঠাতে পারলে পরিস্থিতি কিছুটা ঠিক হবে বলে মনে করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, এ রাজ্য থেকে মূলত ট্রাকে করেই ভিন রাজ্যে আলু পাঠানো হয়। তাই ট্রাকে পাঠানোর জন্য ভর্তুকি দিলে তা বেশি কাজে লাগত।













