বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সরকারি কর্মীদের মুখে ফুটেছে হাসি। এবার পুজোর মুখে সুখবর এল বন দপ্তরের দৈনিক মজুরিভিত্তিক অর্থাৎ ডিএল কর্মীদের জন্য। রাজ্যের একাধিক ফরেস্ট ডিভিশনে (Forest Department) অন্তত তিন মাস ডিএল–দের বেতন বাকি বলে অভিযোগ। সেই অভিযোগ সামনে আসতেই পদক্ষেপ করল শুভেন্দুর সরকার (Suvendu Adhikari)।
বকেয়া বেতন মেটাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর | Suvendu Adhikari
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ নির্দেশে রবিবারই সমস্ত ফরেস্ট ডিভিশনে বকেয়া বেতন মেটাতে পদক্ষেপ করা হয়েছে। গতকালই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। জানা যাচ্ছে, ফান্ডের পঞ্চাশ শতাংশের বেশি টাকা দপ্তর থেকে দেওয়া হয়েছে। বন দপ্তরের দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের জুন, জুলাই, অগস্ট, এই তিন মাসের বেতন মেটানো হচ্ছে।
‘এই সময়’-এর বিশেষ প্রতিবেদন অনুসারে, ডিএল–দের বকেয়া মজুরি মেটাতে ‘ওয়েজ হেড’ ফান্ডে টাকা দিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গোটা রাজ্যে বন দপ্তরে কর্মরত মোট কর্মীর প্রায় ৭০ শতাংশ এখন অস্থায়ী বলে জানাচ্ছে ডিএল কর্মচারী সংগঠনগুলি। সবমিলিয়ে অস্থায়ী কর্মী সংখ্যা প্রায় ৬,০০০ এর কাছাকাছি।
এই কর্মীদের অভিযোগ, বন্যপ্রাণীদের মুখোমুখি হওয়ার মতো জীবনের ঝুঁকির কাজ, আবার মাসে ৩০ দিন কাজ করেও বছরের পর বছর ১৯ দিনের বেতন দেওয়া হয় তাদের। এরই মধ্যে গত কয়েক মাস একেবারেই বেতন বন্ধ হয়ে যাওয়ায় বহু ডিএল এবং তাঁদের পরিবার সমস্যায় পড়েছিল। এবার বকেয়া ছাড়ায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে তারা।

আরও পড়ুন: শহরে চিকিৎসা করাতে এসে আর ভোগান্তি নয়! এক ফোনেই মিলবে সহায়তা, বড় উদ্যোগ সনাতনী স্বাস্থ্য সেনার
রবিবার মুখ্যমন্ত্রী এই কর্মীদের বকেয়া বেতন যত দ্রুত মেটানো যায় সেই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ডিএল-রা। রাজ্যের বনমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ পাওয়ার পরেই রাজ্যের সমস্ত ডিএল–দের বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সোমবার অরণ্য ভবনে গিয়ে বিস্তারিত তথ্য দিতে পারব।’













