বাংলাহান্ট ডেস্ক: ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে দিল্লি (Delhi) ও মুম্বইয়ে (Mumbai) বিক্ষোভের পর এবার ফের রাজধানী অভিযানের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ বা (Cockroach Janata Party)। দলের আহ্বায়ক অভিজিৎ দীপকে ঘোষণা করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভ দেখাবেন তাঁরা। শুক্রবার রাতেই সমাজমাধ্যমে এই কর্মসূচির কথা জানিয়ে দেশজুড়ে সমর্থকদের দিল্লিতে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, আন্দোলন শান্তিপূর্ণ পথেই হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যাঁরা উদ্বিগ্ন, তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়া উচিত।
জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে ফের আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party):
এর আগে ২ অক্টোবরই দিল্লি ও মুম্বইয়ে একযোগে পথে নেমেছিল CJP (Cockroach Janata Party) এবং কয়েকটি ছাত্র সংগঠন। দিল্লিতে যন্তর মন্তরের কাছে বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বহু আন্দোলনকারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী, সিপিএম নেত্রী বৃন্দা কারাট, AISA-র নেত্রী নেহা বোরা এবং আপ সাংসদ সঞ্জয় সিং-সহ একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে হবে। অন্যদিকে, প্রশাসনের তরফে অনুমতি ছাড়া জমায়েতের বিষয়টিও সামনে এসেছে।
আরও পড়ুন:বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ! এবার সরাসরি ভারতীয় দল থেকে এই তারকাকে ছাঁটবেন গম্ভীর
অন্যদিকে, মুম্বইয়ের শিবাজি পার্কেও CJP-র ডাকে বড় জমায়েত হয়। সেখানে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও বহু মানুষ উপস্থিত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভে দলের সমর্থকদের পাশাপাশি বেশ কিছু পরিচিত মুখকেও দেখা যায়। অভিনেত্রী শাবানা আজমি এবং গায়ক বিশাল দাদলানির উপস্থিতি নজর কাড়ে। মুম্বইয়ের কর্মসূচিতে অভিজিৎ দীপকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলেন। তাঁর বক্তব্যে ভোটার তালিকা সংশোধন বা SIR-কে ঘিরে তাঁদের আপত্তির বিষয়টি উঠে আসে।
২ অক্টোবরের কর্মসূচির রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতের পোস্টে ১০ অক্টোবরের ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা করেন দীপকে। তিনি জানান, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে CJP সমর্থকরা দিল্লির উদ্দেশে রওনা দেবেন। পুলিশের বাধা প্রসঙ্গে তাঁর বক্তব্য, তাঁদের আটকানোর চেষ্টা হলেও যেখানে আটকানো হবে, সেখানেই আন্দোলন চালানো হবে। একই সঙ্গে তিনি আন্দোলনকে অহিংস ও শান্তিপূর্ণ রাখার কথা বলেন এবং মহাত্মা গান্ধীর দেখানো পথ অনুসরণের কথা উল্লেখ করেন।

আরও পড়ুন:Jio-র ১০ বছর পূর্তিতে গ্রাহকদের জন্য দুরন্ত অফার! ৬ মাসের রিচার্জ ফ্রি, পাবেন কীভাবে?
এখন নজর ১০ অক্টোবরের দিকে। দিল্লিতে যন্তর মন্তরে CJP (Cockroach Janata Party)-র প্রস্তাবিত এই কর্মসূচি কতটা বড় আকার নেয়, সেটাই দেখার। তবে তার আগেই ২ অক্টোবরের বিক্ষোভ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। CJP নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তুললেও নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ফলে ১০ অক্টোবরের কর্মসূচি ঘিরে ফের রাজধানীতে রাজনৈতিক ও নাগরিক আন্দোলনের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।













