বাংলা হান্ট ডেস্ক : কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক কাপ চায়ের সঙ্গে যোগ রয়েছে পাঁচ বছর আগের একটি প্রতিশ্রুতির। রাজনীতির ব্যস্ততার মাঝেও পুরনো কথা যে মনে রাখা যায়, সেই বার্তাই আবারও মনে করিয়ে দিলেন দিলেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে যে দোকানে দাঁড়িয়ে ভবিষ্যতে ফের চা খাওয়ার কথা দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর রবিবার সেখানেই ফিরে গেলেন তিনি।
কী কথা রাখলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?
নন্দীগ্রামের থানা মোড়ে সুজল মাইতি ওরফে খড়াদার চায়ের দোকানটি দীর্ঘদিনের পরিচিত। প্রায় ২৩ বছর ধরে দোকান চালাচ্ছেন তিনি। এলাকার রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও এই দোকানের যোগাযোগ কম নয়। নন্দীগ্রাম আন্দোলনের উত্তাল সময় থেকে বহু পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এসে চা খেয়েছেন।
লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি এই দোকানের অতিথি হয়েছেন শুভেন্দু অধিকারীও। কিন্তু খড়াদার স্মৃতিতে ২০২১ সালের সেই সাক্ষাতের গুরুত্ব অন্যরকম। কারণ, সেদিন চায়ের আড্ডার মাঝেই শুভেন্দু তাঁকে একটি কথা দিয়েছিলেন, “আমি এরপর মুখ্যমন্ত্রী হয়ে তোমার দোকানে এসে চা খাব।”
সময় গড়িয়েছে। রাজ্যের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। আর সেই প্রতিশ্রুতির পাঁচ বছর পর রবিবার ফের খড়াদার দোকানে পৌঁছলেন শুভেন্দু। সেখানে বসেই চা খেলেন তিনি। চা শেষ করে দোকানদারের দিকে তাকিয়ে বললেন, “কথা রাখলাম ভাই।”
শুভেন্দুর এই কথাই যেন কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল খড়াদাকে। বহু বছর ধরে দোকান চালানো এই চা-বিক্রেতার কাছে ঘটনাটি নিছক কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের আগমন নয়। পাঁচ বছর আগে তাঁর সঙ্গে হওয়া কথোপকথন মনে রেখে একই জায়গায় ফিরে আসাটাই হয়ে উঠেছে দিনের সবচেয়ে বড় স্মৃতি।

আরও পড়ুন : আবেদন করেও মিলছে না অন্নপূর্ণা যোজনা! স্ট্যাটাস চেক করতেই সামনে এল বিরাট দুর্নীতি
প্রিয় মানুষটির দেওয়া প্রতিশ্রুতি পূরণ হওয়ায় খুশি খড়াদাও। তাঁর কথায়, “উনি মুখ্যমন্ত্রী হয়ে আমার কথা মনে রেখেছেন, এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। এমন কথা মনে রাখা আমার কাছে সৌভাগ্যের বিষয়।” এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রবিবার সারাদিন দোকানে আসা ক্রেতাদের বিনামূল্যে চা খাওয়ানোর সিদ্ধান্ত নেন খড়াদা।













