বাংলা হান্ট ডেস্কঃ বাজার মানেই আর ভিড়, ঠেলাঠেলি কিংবা নোংরা নয়। এবার ঢেলে সাজানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। পুজোর মুখে এমনই ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, এমন বাজার বানানো হবে, যেখানে ঢুকলেই সাধারণ মানুষের আলাদা অভিজ্ঞতা হবে।
শহরের বাজার নিয়ে বড় পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)
শহরকে আরও সুন্দর করে তুলতে বদ্ধপরিকর রাজ্যের পুরমন্ত্রী। শুধু দফতরে বসে নির্দেশ দেওয়া নয়, প্রায় রোজ সকালে পরিদর্শনে বের হন তিনি। কখনও ফুটপাথ পরিদর্শন করেন, কখনও আবার ঘুরে দেখেন বাজার এলাকা। এই নিয়ে মাঝেমধ্যে তাঁকে ট্রোলও হতে হয়। এবার সেসব নিয়ে মুখ খোলার পাশাপাশি বাজারের সৌন্দর্যায়ন নিয়ে রাজ্যের পরিকল্পনা জানালেন তিনি।
আরও পড়ুনঃ ৩ দিনের মধ্যেই বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! ডেডলাইন বেঁধে দিলেন বিধায়ক
অগ্নিমিত্রা বলেন, বাজারে ঢুকলেই ভিড়, ঠেলাঠেলি হয়। কোথাও জল, কোথাও আবার নোংরা-আবর্জনা পড়ে রয়েছে দেখা যায়। তবে এবার থেকে আর এসব থাকবে না বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “সংবাদমাধ্যম ট্রোল করছে। মানুষ ভালো কাজ নিতে পারে না। আমাদের বিরোধী দল, যাদের আর কোনও অস্তিত্ব নেই, তাঁরা তো শুভেন্দু অধিকারীর সরকারের এত ভালো কাজ সহ্য করতে পারছে না।“
এরপরেই শহরের বাজার ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান অগ্নিমিত্রা। তিনি বলেন, “বাজারকে সুন্দর করতে চাইছি। এখানে এলে দারুণ অভিজ্ঞতা হবে। এখন বাজারে গিয়ে ভিড়, ঠেলাঠেলি হয়। দেখা যায় জল, নোংরা পড়ে আছে। এবার আমরা এমন বাজার বানাব যা মানুষের জন্য আলাদা অভিজ্ঞতা হবে।“

পাশাপাশি পার্কিং নিয়েও বড় বার্তা দেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি জানান, এখন অ্যাপের মাধ্যমেই পার্কিং বুক করা যাবে। একইসঙ্গে রাস্তা সারাই নিয়ে বলেন, “মহালয়ার আগেই সব রাস্তা হয়ে যাবে। কোনও রাস্তা মিস হয়ে গেলে আমাদের জানান, আমরা সেই রাস্তা ঠিক করে দেব।“
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পর শহরের সৌন্দর্যায়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি পার্কিং, ফুটপাথ দখলের মতো বিষয়ও তাঁর নজর এড়ায়নি। মাঝেমধ্যেই এইসব নিয়ে সরব হন তিনি। এবার বাজারের সৌন্দর্যায়ন, পার্কিং সহ নানা ইস্যুতে বড় বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী।













