বাংলাহান্ট ডেস্ক: ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বন্ধের দাবিতে নতুন করে INDIA জোটের আন্দোলনে উত্তাল রাজপথ। আজও বন্ধ দিল্লির ৬টি মেট্রো স্টেশন (Delhi Metro Station)। সোমবার ‘চলো দিল্লি —মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির মাধ্যমে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করার পরিকল্পনা নিয়েছেন বিরোধী দলের সাংসদরা। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার গভীর রাতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নিরাপত্তার কারণে সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দিল্লির ছ’টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ রাখা হবে।
SIR বিতর্কে বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযানের জেরে বন্ধ দিল্লির মেট্রো স্টেশন (Delhi Metro Station):
DMRC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, পটেল চক, জনপথ, রাজীব চক, মাণ্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাখাম্বা রোড মেট্রো স্টেশনে যাত্রীরা ঢুকতে বা বেরোতে পারবেন না। তবে এই ছ’টি স্টেশনে মেট্রো বদল বা ইন্টারচেঞ্জের সুবিধা চালু থাকবে। অর্থাৎ, সংশ্লিষ্ট স্টেশনগুলিতে নেমে অন্য রুটের মেট্রো ধরতে পারবেন যাত্রীরা। নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশিকা জারি করা হতে পারে বলে জানিয়েছে DMRC। ফলে সোমবার ওই স্টেশনগুলিকে কেন্দ্র করে যাতায়াতের পরিকল্পনা করার ক্ষেত্রে যাত্রীদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে (Delhi Metro Station)।
আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য বঙ্গের! বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় IIT খড়গপুর-যাদবপুরের দাপট
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ কনট প্লেস ও বারাখাম্বা রোডের সংযোগস্থলে জমায়েত করবেন বিরোধী দলের সাংসদরা। সেখান থেকেই শুরু হবে মিছিল। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘চলো দিল্লি—মার্চ ফর ডেমোক্রেসি’। বিরোধীদের মূল দাবি, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, SIR বন্ধ করা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। এই কর্মসূচির মাধ্যমে নিজেদের আপত্তি ও উদ্বেগ আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে INDIA জোট। এর আগে শুক্রবার সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন বিরোধী নেতারা।
এদিকে, সোমবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। নিজেদের বক্তব্য ও উদ্বেগ জানিয়ে প্রধান বিচারপতির হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। তবে একাধিক সূত্রের দাবি, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় তাঁদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ খারিজ করা হয়েছে। ইমেলের মাধ্যমে রাহুল ও খাড়্গেকে বিষয়টি জানানো হয়েছে বলেও সূত্রের খবর। প্রশাসনিক স্তরে এ বিষয়ে নির্দেশ দেওয়া সম্ভব নয় জানিয়ে রাহুলকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: কল্যাণী স্টেশনের ভোলবদল! ক্যাফেটেরিয়া থেকে শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ, কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
মিছিলের কর্মসূচি নিয়ে একটি ভিডিয়ো বার্তায় রাহুল গান্ধী বলেন, সোমবার তাঁরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভারতীয় হিসেবে সুপ্রিম কোর্টের দিকে হাঁটবেন। তাঁর বক্তব্য, দল, লিঙ্গ, জাতি, সম্প্রদায় ও রাজ্যের বিভেদ সরিয়ে রেখে একসঙ্গে এই কর্মসূচিতে অংশ নেওয়া হবে। বিরোধীদের এই উদ্যোগের লক্ষ্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাঁদের উদ্বেগ সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা। তবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের অনুরোধ খারিজ হওয়ার পর সেই পরিকল্পনায় কী পরিবর্তন আসে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। পাশাপাশি, সোমবারের কর্মসূচিকে ঘিরে দিল্লির নিরাপত্তা পরিস্থিতি এবং মেট্রো পরিষেবার উপর জারি করা বিধিনিষেধও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে (Delhi Metro Station)।














