বাংলা হান্ট ডেস্কঃ অতীতে বিভিন্ন সময় কৃষিক্ষেত্রে দালালরাজের অভিযোগ উঠতে দেখা গিয়েছে। রাজ্যের পূর্বতন সরকারের আমলে বহুবার এই অভিযোগে সরব হয়েছেন কৃষকরা। পালাবদলের পর কৃষিক্ষেত্রে দালালরাজ ঘুচিয়ে বিপ্লব আনতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। সেই লক্ষ্যে এবার দালালচক্রকে কড়া হুঁশিয়ারি দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal)। কৃষি ও কৃষকের টাকায় দালালরাজ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
কৃষিক্ষেত্রে দালালরাজ রুখতে কড়া হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর | (Dudh Kumar Mondal)
কৃষি দফতরের উদ্যোগে ময়ূরেশ্বর ২ ব্লকে একটি বিশেষ কৃষি প্রদর্শনী ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে কৃষিক্ষেত্রে উন্নতির জন্য রাজ্যে এগ্রিস্ট্যাকের মাধ্যমে কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের বার্তা দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের উন্নতি ও দালালচক্র রুখতেও কড়া বার্তা দেন কৃষিমন্ত্রী।
আরও পড়ুনঃ রেশন কার্ড সংক্রান্ত সমস্যার অভিযোগ জানানোর সহজ উপায়! অনলাইন পদ্ধতি জানুন
দুধকুমার স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দেওয়া নানা সুবিধা যেন সরাসরি কৃষকদের কাছে পৌঁছয়। মাঝে কোনও দালাল বা মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেই জন্য কড়া বার্তা দেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, “কৃষি ও কৃষকদের টাকায় কোনও রকম দালালরাজ বরদাস্ত করা হবে না। কোথাও কোনও দালালচক্রের খোঁজ পাওয়া গেলে বা তাঁরা কৃষকদের পাওনা টাকা হাতানোর চেষ্টা করলে কৃষকরা নিজেরাই তাঁদের বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেবেন।“

দুধকুমার বলেন, দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন। তবে এই বিষয়ে কৃষকদেরও সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের কৃষি দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকে একাধিকবার কৃষিক্ষেত্রে দালালরাজ বন্ধের বার্তা দিয়েছেন দুধকুমার মণ্ডল। এর আগেও তিনি বলেছিলেন, কৃষিক্ষেত্রে দালালচক্র কীভাবে বন্ধ করা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। এবার ফের দালালরাজে জিরো টলারেন্সের বার্তা দিলেন তিনি।














