বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে রান্নার গ্যাসের দাম বেশ অনেকটা বেড়েছে। তাতে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এই আবহে তাঁদের স্বস্তি দিয়ে উৎসবের মরশুমে ফ্রি এলপিজি সিলিন্ডার (Free LPG Cylinder) দেওয়ার ঘোষণা করল দেশের একাধিক রাজ্যের সরকার। কারা বিনামূল্যে রান্নার গ্যাস (Gas Cylinder) পাবেন সেটাও জানানো হয়েছে।
উৎসবের মরশুমে বিনামূল্যে রান্নার গ্যাস | (Free LPG Cylinder)
সম্প্রতি উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরখণ্ড ও দিল্লি সরকারের তরফে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এমনিতেই গ্যাস সিলিন্ডারে ভালো রকম ভর্তুকি পান। এবার দীপাবলির আগে ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে পারেন তাঁরা।
আরও পড়ুন: কৃষি ও কৃষকের টাকায় কোনও দালালরাজ নয়! আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফে সম্পূর্ণ বিনামূল্যে দু’টি এলপিজি সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি দীপাবলির সময় ও অন্যটি হোলিতে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। এর ফলে উত্তরপ্রদেশের প্রায় ১.৮৬ কোটি উজ্জ্বলা যোজনার গ্রাহক উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
অন্ধ্রপ্রদেশে আবার ইতিমধ্যেই দীপম ২.০ প্রকল্প শুরু হয়েছে। এর মাধ্যমে মহিলা রেশন কার্ড হোল্ডারদের বছরে তিনটি রান্নার গ্যাস ফ্রি-তে দেওয়া হবে। প্রত্যেক চার মাস অন্তর একটি করে সিলিন্ডার বুক করা যাবে।
এছাড়া উত্তরাখণ্ড ও দিল্লি সরকারের তরফেও ফ্রি এলপিজি সিলিন্ডারের ঘোষণা করা হয়েছে। অন্ত্যোদয় রেশন কার্ড উপভোক্তাদের বছরে তিনটি ফ্রি এলপিজি সিলিন্ডার দিচ্ছে উত্তরাখণ্ড সরকার। অন্যদিকে দিল্লির রেশন কার্ড হোল্ডারদেরও ফ্রি-তে দু’টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছে রেখা গুপ্তের সরকার। দীপাবলি ও হোলির সময় একটি একটি করে সিলিন্ডার পাওয়া যাবে। রাজধানীর পিএনজি উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

উৎসবের মরশুম এলে এমনিতেই সাধারণ মানুষের খরচ অনেকটা বেড়ে যায়। সেই পরিস্থিতিতে ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়া হলে তাঁদের চাপ কিছুটা কমতে পারে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু নাগরিক।














