বাংলা হান্ট ডেস্কঃ সুবিধাভোগীর সংখ্যা বাড়তে থাকায় বিদ্যুতের বিলে ভর্তুকি (Electricity Subsidy) দিতে গিয়ে সরকারি কোষাগারে চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে আধার কেওয়াইসি (Aadhaar KYC) বাধ্যতামূলক করা হল। এবার থেকে বিদ্যুতের বিলে ভর্তুকি পেতে হলে গ্রাহকদের নিজেদের বিদ্যুৎ বিতরণ সংস্থায় আধারের তথ্য জমা করতে হবে।
বিদ্যুতের বিলে ভর্তুকি পেতে আধার কেওয়াইসি মাস্ট | (Electricity Subsidy)
বিদ্যুতের বিলে ভর্তুকি দিতে একটি প্রকল্প এনেছে দিল্লি সরকার। সেই অনুযায়ী রাজধানীর যোগ্য গ্রাহকদের তাঁদের মাসিক বিদ্যুৎ ব্যবহারের উপর ভিত্তি করে ২০০ ইউনিট অবধি কোনও বিদ্যুতের বিল দিতে হয় না। ২০১ ইউনিট থেকে ৪০০ ইউনিট অবধি ৫০ শতাংশ ভর্তুকি পাওয়া যায়।
আরও পড়ুনঃ আধার ভেরিফিকেশনের সময় OTP পেতে সমস্যা? মোবাইল নম্বর আপডেটের পদ্ধতি জানুন
তবে উপভোক্তাদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় বিদ্যুতের বিলে ভর্তুকি দিতে গিয়ে সরকারি কোষাগারের উপরেও চাপ পড়ছে। সেই চাপ কমাতে ভর্তুকি পাওয়ার জন্য গ্রাহকদের আধার কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।
লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদনের পর জ্বালানি দফতরের তরফে প্রকল্পটি সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছিল। পরবর্তীতে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিদ্যুৎ ভর্তুকি প্রাপকদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক। একই নামের ভুয়ো উপভোক্তাদের শনাক্তকরণ ও যোগ্য গ্রাহকদের কাছে সুবিধা পৌঁছনো সুনিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার।
আধার কেওয়াইসির জন্য গ্রাহকদের নিজেদের বিদ্যুৎ বিতরণ সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধারের তথ্য দিয়ে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। এখনও যাদের আধার কার্ড নেই, তাঁদেরও এর জন্য আবেদন করতে হবে। ভর্তুকি পেতে তাঁদের ১৪ সংখ্যার আধার এনরোলমেন্ট আইডির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে।

এদিকে সরকারি তথ্য বলছে, গত একটি অর্থবর্ষে দিল্লির ভর্তুকি নেওয়া গৃহস্থালির গ্রাহকের সংখ্যা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ সালে দিল্লির ৭৩ লক্ষ গ্রাহকের মধ্যে প্রায় ৫২.৩ লক্ষ বিদ্যুৎ গ্রাহক ভর্তুকি নিয়েছেন। ২০২৫-২৬ সালে তা একলাফে বেড়ে ৫৫ লক্ষ হয়ে গিয়েছে।
এবার দিল্লি সরকারের তরফে বিদ্যুৎ ভর্তুকি পেতে আধার কেওয়াইসি বাধ্যতামূলক করা হল। ফলে বিদ্যুতের বিলে ছাড় পেতে হলে এই প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে।














