বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ পদে ছত্রপতি দত্তের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ ছিল, এই পদে বসার জন্য যে যোগ্যতা দরকার, তা তাঁর ছিল না। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা হয়। এবার সেই মামলাতেই ছত্রপতি দত্তের নিয়োগ বাতিলের নির্দেশ দিল আদালত।
Calcutta High Court : কেন বাতিল হল ছত্রপতি দত্তের নিয়োগ?
২০১৫ সালে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। এই পদে নিয়োগের জন্য ইউজিসির কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, পিএইচডি ডিগ্রি এবং শিক্ষকতার অভিজ্ঞতা-সহ একাধিক শর্ত পূরণ করতে হয়।
কিন্তু ছত্রপতি দত্তের নিয়োগের ক্ষেত্রে সেই নিয়মগুলি ঠিকমতো মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই তাঁর নিয়োগের বৈধতা নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়।
মামলার শুনানিতে বিচারপতি রাই চট্টোপাধ্যায় নিয়োগের শর্ত ও যোগ্যতার বিষয়গুলি খতিয়ে দেখেন। আদালতের (Calcutta High Court) পর্যবেক্ষণ, ইউজিসির নির্ধারিত যোগ্যতা পূরণ না করলে কাউকে অধ্যক্ষ পদে নিয়োগ করা যায় না।

আরও পড়ুনঃ CPM-এর বুকস্টলে হাইকোর্টের সবুজ সংকেত, ফের আদালতে রাজ্য সরকার
ছত্রপতি দত্তের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার শর্ত পূরণ হয়নি বলেই জানায় আদালত। এই প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘অযোগ্যকে ওই পদে নিয়োগ আইনসম্মত নয়।’ এরপরই গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ পদে ছত্রপতি দত্তের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।














