বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে সিপিএমের বুকস্টল (CPM Book Stall) নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট অবধি সেই জল গড়িয়েছে। এবার এই বুকস্টল ইস্যুতেই সিপিএমকে নিশানা করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কটাক্ষ, স্টল না বলে প্রদর্শনী বলুন, বিক্রি তো হয় না।
বুকস্টল নিয়ে সিপিএমকে নিশানা দিলীপের | (Dilip Ghosh)
ষষ্ঠীর দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “স্টল সবাই করতে পারে। এতদিন ধরে করেছেন, করুন। বিক্রি তো হয় না। ২৫ বছর ধরে সেই একই বই রাখা। যেগুলি প্রদর্শনী হয়। এটা স্টল না বলে প্রদর্শনী বলুন। কিন্তু তারপরেও কিছু নাটক করে খবরে আসার চেষ্টা করা হয়।“
আরও পড়ুনঃ গ্রান্ট ইন এইড-দের বকেয়া DA নিয়ে জোরালো দাবি! শুক্রে সুপ্রিম শুনানিতে নজর সরকারি কর্মীদের
রাজ্যে পালাবদলের পর প্রথম পুজোতেই সিপিএমের বুকস্টল নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন, স্টলে শারদোৎসবের জায়গায় দুর্গাপুজো লেখা হলেই অনুমতি মিলবে।
এরপর রাজ্যের নানা জায়গায় সিপিএমের বুকস্টলের জন্য অনুমতি না দেওয়ার অভিযোগ ওঠে। বেশ কিছু জায়গায় হামলার অভিযোগও উঠেছে। শেষমেষ স্টল বসাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠন।

ইতিমধ্যেই উচ্চ আদালতের তরফে বনগাঁয় বুকস্টল বসানোর অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মণ্ডপের ১০০ মিটারের মধ্যে স্টল বসাতে হবে। পাশাপাশি বুকস্টল নির্মাণ বা চালানোর সময় কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যা যাতে না হয় সেটা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করবে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী বুকস্টল বসানো হয়েছে কিনা সেই বিষয়ক রিপোর্টও পুলিশ সুপারকে জমা করতে বলেছেন বিচারপতি।
হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। এসবের মাঝেই বুকস্টল নিয়ে সিপিএমকে খোঁচা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।














