বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Forex Reserves) আবারও পতন ঘটেছে। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI (Reserve Bank of India) কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, গত ৯ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৮.৫৭৮ বিলিয়ন ডলার কমে ৭২৬.০২৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহেও বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১২.৯৫২ বিলিয়ন ডলারের উল্লেখযোগ্য হ্রাস দেখা গিয়েছিল। সেই সময়ে ভারতের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ছিল ৭৩৪.৬০৬ বিলিয়ন ডলারে। চলতি বছরের গত ৪ সেপ্টেম্বর ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রেকর্ড পরিমাণ বেড়ে ৭৮৫.৭০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
টানা দ্বিতীয় সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Forex Reserves) পতন!
জানিয়ে রাখি যে, ভারতীয় প্রবাসীদের আমানত-সংক্রান্ত একটি বিশেষ ছাড়যুক্ত সোয়াপ কর্মসূচির মাধ্যমে ব্যাঙ্কগুলি রেকর্ড ১৩৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা পেয়েছে। তবে, রেকর্ড পর্যায়ে পৌঁছনোর পর থেকে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ক্রমাগত পতন ঘটছে।

ফরেন কারেন্সি অ্যাসেট ৭.১৪ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে: উল্লেখ্য যে, RBI-এর তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের বৃহত্তম অংশ বৈদেশিক মুদ্রা সম্পদ তথা ফরেন কারেন্সি অ্যাসেট (FCA) গত ৯ অক্টোবর সমাপ্ত হওয়া সপ্তাহে ৭.১৪২ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৫৯৭.৬০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মূলত, ইউরো থেকে শুরু করে ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েন সহ অন্যান্য প্রধান মুদ্রার ওঠানামার কারণেও বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ডলার মূল্য প্রভাবিত হয়। এই মুদ্রাগুলির মূল্যের পরিবর্তনের কারণে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেও ডলার মূল্যে পার্থক্য দেখা দিতে পারে।
আরও পড়ুন: ‘কমন সেন্সের অভাব’, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অশ্বিন, তুললেন বড় প্রশ্ন
গোল্ড রিজার্ভও হ্রাস পেয়েছে: জানিয়ে রাখি যে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার হ্রাসের একটি কারণ হল গোল্ড রিজার্ভের মূল্যের হ্রাস। RBI-এর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সপ্তাহে ভারতের গোল্ড রিজার্ভের মূল্য ১.৩১৯ বিলিয়ন ডলার কমে ১০৫.০৯৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমেই আসবে Jio-র 6G পরিষেবা! রাখঢাক না রেখে কী জানালেন আকাশ আম্বানি?
এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এর কাছে থাকা স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR-এর পরিমাণও ১০৯ মিলিয়ন ডলার কমে ১৮.৫৪৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। IMF-এর কাছে ভারতের রিজার্ভের পরিমাণ ১০ মিলিয়ন ডলার কমে ৪.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে, FCA, গোল্ড রিজার্ভ ও অন্যান্য উপাদান হ্রাস পাওয়ায় দেশের মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে পতন ঘটেছে।














