বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে বিরাট জল্পনা চলছে। আশা করা হচ্ছিল, ২১ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরেই হয়তো মহার্ঘ ভাতা (DA) নিয়ে ঘোষণা করা হবে। তবে সেই আশা পূরণ হয়নি। এবার রিপোর্ট বলছে, আগামী ২৮ অক্টোবর ডিএ বৃদ্ধির খবর পেতে পারেন কর্মীরা।
কত শতাংশ হারে ডিএ বাড়তে পারে? | (Dearness Allowance)
অক্টোবর শেষ হতে চললেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে কোনও ঘোষণা হয়নি। এই ধরণের বড় সিদ্ধান্ত সাধারণত কেন্দ্রীয় মন্ত্রিসভাতেই নেওয়া হয়। সেই কারণে আগামী ২৮ অক্টোবরের দিকে তাকিয়ে রয়েছেন কর্মীরা। কারণ ওইদিন মোদী সরকারের ক্যাবিনেট মিটিং হতে পারে।
মনে করা হচ্ছে, আগামী ২৮ অক্টোবরের বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর নিয়ে আলোচনা হতে পারে। যদিও ওইদিনই মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা হবে এমনটা নিশ্চিত নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, শনি, রবিবারও এই সংক্রান্ত কোনও ঘোষণা না হলে সরকারি কর্মীদের পরবর্তী মন্ত্রিসভার বৈঠক অবধি অপেক্ষা করতে হবে।
এদিকে সাধারণত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণা হয়। তবে এটা সরকারের কোনও অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে না। অর্থমন্ত্রকের অধীন থাকা ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে ক্যাবিনেটের বিজ্ঞপ্তি ছাড়াই ডিপার্টমেন্ট এই কাজ করতে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার করে ডিএ বাড়ানো হয়। প্রথম দফা ১ জানুয়ারি ও দ্বিতীয় দফা ১ জুলাই থেকে কার্যকর হয়। যদিও সেই ঘোষণা সাধারণত হোলি ও দিওয়ালির আশেপাশে হয়।
রিপোর্ট বলছে, এই বছরের জুলাই মাসের ডিএ ৩ শতাংশ হারে বাড়তে পারে। এআইসিপিআই সূচকের দিকে নজর রেখে এমনটা অনুমান করা হচ্ছে। যদিও অফিশিয়াল ঘোষণা না হওয়া অবধি কোনও কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।














