বাংলা হান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) প্রভাব এই রাজ্যের আবহাওয়াতেও পড়ছে। মঙ্গলবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া বদল হয়েছে কলকাতার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই ঝড়-জলের সম্ভাবনা আছে। এর মধ্যে চার জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)
অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে ল্যান্ডফল করেছে অর্ণব। এর প্রভাবে বিশাখাপত্তনম, অনকাপল্লি, কাঁকিনাড়া ও কোনাসীমা জেলার একাধিক প্রান্তে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে কিছু কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার খবরও সামনে এসেছে।
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের আশায় জল! আজও সুপ্রিম কোর্টে হল না বকেয়া DA মামলার শুনানি
অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গেরও হাওয়া বদল হয়েছে। ভোর রাত থেকে দফায় দফায় কলকাতায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টির অ্যালার্ট আছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে দু-একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)
অর্ণবের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গে তেমন কোনও সম্ভাবনা নেই। আজ উত্তরের প্রত্যেকটি জেলাই মোটের উপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পুজো মিটতেই একটু একটু কমতে শুরু করেছিল রাজ্যের তাপমাত্রা। এর মধ্যেই হাজির হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। ইতিমধ্যেই এর প্রভাবে দক্ষিণবঙ্গের হাওয়া বদল হয়েছে। হালকা শীতের আমেজের মাঝেই শুরু হয়েছে বৃষ্টির ইনিংস।














