বাংলা হান্ট ডেস্কঃ চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য আর হাসপাতালে ছুটতে হবে না। এবার বাড়ি বসেই নিখরচায় পরিষেবা পাবেন প্রত্যন্ত এলাকার মানুষরা। এমনকি ছানি অপারেশনের সুযোগও পাওয়া যাবে। বৃহস্পতিবার সুদৃষ্টি প্রকল্পে (Sudrishti Scheme) দু’টি ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন হল। বহরমপুর জেলা প্রশাসনিক ভবন থেকে এই গাড়িগুলির উদ্বোধন করা হয়েছে।
সুদৃষ্টি প্রকল্পে বাড়ি বসেই মিলবে চোখের চিকিৎসা | (Sudrishti Scheme)
সুদৃষ্টি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। এই বাস দু’টির মধ্যে একটি জঙ্গিপুর পুলিশ জেলায় পরিষেবা দেবে এবং আরেকটি মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন গ্রামে গিয়ে পরিষেবা প্রদানের কাজ করবে।
আরও পড়ুনঃ ৬ কারণে আটকে যেতে পারে পিএম কিষাণের ২৪ তম কিস্তি! কী করবেন জানুন
এই বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানান, ব্লকে ব্লকে ঘুরে চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করবেন আশাকর্মীরা। এরপর ছানি অপারেশন, গ্লুকোমাজনিত সমস্যা না চশমা, সেটা শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করবেন আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের চিকিৎসকরা।
জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক আরও জানান, ভ্রাম্যমাণ সুদৃষ্টি বাস রোগীদের বাড়ি পৌঁছে যাবে। তাঁদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসতে হবে না।
বহরমপুর ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে সাংসদ তহবিল থেকে সুদৃষ্টি প্রকল্পের অধীন দু’টি ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন করা হয়েছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, “জেলায় মানুষের চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করতে আমাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই পরামর্শ দিয়েছিলেন। আমরা বিবেচনা করে দেখি সত্যিই এর দরকার আছে। সাধারণ মানুষ যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান, সেই উদ্দেশেই সাংসদ তহবিল থেকে সুদৃষ্টি বাস দু’টি দেওয়া হল।“

মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে যায় তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নেওয়া হল। সুদৃষ্টি প্রকল্পের অধীন এই ভ্রাম্যমাণ বাসগুলির উদ্বোধনের ফলে আমজনতার অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।












