বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সবে শেষ হয়েছে নিউজিল্যান্ড বনাম ভারত টি টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের এই সিরিজের দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ব্যাট হাতে নজর কেড়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma), বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) বা ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তারকারা। কিন্তু এদের মধ্যে কেউই আপাতত ভারতীয় ওডিআই দলের অংশ না। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এই সিদ্ধান্তকেই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)।
ভারতের ওডিআই দলে এখনো বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো সিনিয়র তারকাদের উজ্জ্বল উপস্থিতি বর্তমান। ফলে নতুন ব্যাটারদের পক্ষে সেই ফরম্যাটে ভারতের জার্সি গায়ে তোলা এখনই খুব একটা সহজ হচ্ছে না। কিন্তু এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে বিধ্বংসী ব্যাটিং করা এই তারকাদের ওডিআই দলে দেখতে চেয়ে সরব হয়েছেন যুবরাজ।

“সত্যি বলতে, আমি ওয়ান ডে ক্রিকেটে অভিষেক শর্মাকে দেখতে চাই। আমি আগেও বলেছি যে, ৫০ ওভারের ক্রিকেটে যদি আমরা ঈশান কিষাণ, অভিষেক শর্মা বা বৈভব সূর্যবংশীর মতো তারকাদের দলে না নিই, তবে তা তাদের প্রতিভার প্রতি এক ধরনের অবিচার করা হবে। আমি বুঝি যে আমাদের দলে অনেক দুর্দান্ত খেলোয়াড় আছেন এবং নতুনদের জন্য জায়গা করে দেওয়াটা কঠিন। তবে তারা যেভাবে পারফর্ম করছে, আশা করি খুব শীঘ্রই তারা দলে জায়গা পাবে। অভিষেক আজ যা কিছু অর্জন করেছে, তা তার কঠোর পরিশ্রমের ফল—পুরো কৃতিত্ব তারই প্রাপ্য।”
আরও পড়ুন: ভারতীয় টেস্ট দল নিয়ে চিন্তা বাড়লো গম্ভীরের! একের পর এক ম্যাচে ব্যর্থ এই তারকা ক্রিকেটার
তিনি আরও যোগ করে বলেন, “টি-টোয়েন্টি দল থেকে বৈভবকে বাইরে রাখাটা কোনো ভুল সিদ্ধান্তের চেয়ে কম কিছু নয়। বৈভব এবং অভিষেকই হওয়া উচিত নিয়মিত টি-টোয়েন্টি ওপেনার। সৌরভ গাঙ্গুলি যখন সেওবাগ আর ধোনিকে খেলাতে চেয়েছিলেন, তখন তিনি নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করেছিলেন। ৩ নম্বর থেকে ৪ নম্বরে, আর তারপর ৪ নম্বর থেকে ৫ নম্বরে নেমে গিয়েছিলেন। তাহলে শ্রেয়াস আইয়ার কেন এমনটা করতে পারবেন না? সবকিছু আসলে নির্ভর করে মানসিকতার ওপর।”
আরও পড়ুন: কোহলিদের ক্লাবে ঢুকেও মাটিতে পা রাখছেন সঞ্জু স্যামসন! ম্যাচের সেরা হয়েও প্রশংসা এই সতীর্থের
যুবরাজ সিং মনে করেন যদি আইপিএলের মতো কোনও টি-টোয়েন্টি লিগের নিলাম যদি আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও অনুষ্ঠিত হতো, তবে প্রতিটি দেশই বৈভব সূর্যবংশীর মতো তরুণ তারকাকে নিজেদের দলে পেতে চাইত। সে জন্য যত বড় অঙ্কের মূল্যই দিতে হোক না কেন তা খরচ করতো তারা। অথচ ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে মূল একাদশেই জায়গা দিচ্ছেন না। এটি তার প্রতি অবিচার এবং এতে তার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন যুবরাজ।












