ভারতীয় টেস্ট দল নিয়ে চিন্তা বাড়লো গম্ভীরের! একের পর এক ম্যাচে ব্যর্থ এই তারকা ক্রিকেটার

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team) নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত। তারপর রয়েছে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ। সেই সিরিজ শেষ হওয়ার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) নভেম্বরের শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কিন্তু তার আগে ভারতের তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ফর্ম নিয়ে চূড়ান্ত চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ গৌতম গম্ভীরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে এই দুটি ম্যাচ জিততেই হবে তাদের। তাই নিউজিল্যান্ডের পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে বেশ কিছু টেস্ট দলের ক্রিকেটারকে ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে অংশ নিতে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু সেই ম্যাচগুলির মধ্যে প্রথম দুই ম্যাচের তিনটি ইনিংসে চূড়ান্ত ব্যর্থ তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। গত ৩ বছর ধরে তিনি ভারতীয় টেস্ট দলের অপরিহার্য অঙ্গ। কিন্তু চলতি বছরে ব্যাট হাতে একেবারেই তাকে ছন্দে পাওয়া যাচ্ছে না। প্রথম প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসে তার স্কোর ছিল যথাক্রমে ১৭ এবং ৫। আর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে তিনি রানের খাতা না খুলেই ড্রেসিংরুমে ফেরেন।

আরও পড়ুন: ভারতীয় দলের লজ্জার রেকর্ডের দিনে বড় কীর্তি অর্শদীপের! প্রথম ভারতীয় হিসেবে ছুঁলেন এই মাইলফলক

এর আগে শ্রীলঙ্কা সফরেও দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সেখানে ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ব্যাট হাতে তিন ইনিংসে মাত্র ৭৭ রান করতে পেরেছিলেন। তার এই ব্যর্থতা গুরুত্বপূর্ণ সিরিজের আগে গৌতম গম্ভীরের মাথাব্যথার কারণ হয়ে উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনি ব্যর্থ হলে তার দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

তবে যশস্বী ফর্মে না থাকলেও ব্যাট হাতে এই প্রস্তুতি ম্যাচগুলিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের নতুন তিন নম্বর পজিশনের ব্যাটার দেবদত্ত পাডিক্কল। এই দুই প্রস্তুতি ম্যাচের তিনটি ইনিংসে তার স্কোরগুলি হলো যথাক্রমে ৩২(৭৭), ১৯৯(২৪৮) ও ৮০(১৪০)। ওপেনাররা ব্যর্থ হলে তার কাঁধেই থাকবে ভারতের ইনিংসে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব।