কলকাতার আসন পুনর্বিন্যাসে মানা হয়নি বৈজ্ঞানিক পদ্ধতি! এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন নিয়ে জটিলতা অব্যাহত। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা। মামলাকারীর দাবি, কোনও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কলকাতার বিভিন্ন ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হয়নি।

কলকাতার আসন পুনর্বিন্যাস নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা | (Kolkata Municipal Corporation)

এই মামলায় আবেদন করা হয়েছে, কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন কার্যত খামখেয়ালিভাবে বা মর্জিমাফিক করা হয়েছে। কোনও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়নি। পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। কীভাবে এই পুনর্বিন্যাস করা হয়েছে? ডিলিমিটেশনের ভিত্তিই বা কী? প্রশ্ন তুলে মামলা করেছেন দীপু দাস নামে এক ব্যক্তি।

Kolkata Municipal Corporation

এই বিষয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদন জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আবেদনকারী দীপুর আইনজীবী শামিম আহমেদ। তাঁদের দাবি, ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই আবেদনের কোনও গুরুত্ব থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্যের কৃষকরা পাবেন অতিরিক্ত ৩ হাজার টাকা! মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবধি কলকাতা পুরসভার ডিলিমিটেশনের জল গড়ালেও পুজো অবকাশে জরুরি মামলার অনুমতি দেয়নি আদালত। পুজোর ছুটির পর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, “সিঙ্গেল বেঞ্চে যেহেতু এই মামলা গৃহীত হয়েছে, সেই কারণে নির্বাচন ঘোষণা হলে প্রতি মুহূর্তে আদালতের কাছে আসার সুযোগ আছে। সেই কারণে এই মুহূর্তে আদালত মনে করছে না, এই মামলা পুজো অবকাশকালীন বেঞ্চে জরুরি ভিত্তিতে দায়ের করার দরকার আছে।“

এদিকে মামলাকারীর আরও বক্তব্য, এতদিন অবধি কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড থাকলেও তাতে পরিষেবার ক্ষেত্রে কোনও খামতি ছিল না। প্রশাসনের তরফে হঠাৎ ৬৫টি ওয়ার্ড বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বলে তাঁরা মনে করছেন। এই আসন পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার বাসিন্দারা আদৌ কোনও বাড়তি সুবিধা পাবেন না বলে দাবি করা হয়েছে।

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ নিয়ে বিরোধীরা আগেই সরব হয়েছেন। এবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হল। উচ্চ আদালতে কী হয় এবার সেটাই দেখার।