বাংলা হান্ট ডেস্কঃ আবাস যোজনার (Awas Yojana) সম্পূর্ণ তালিকা পুনরায় মূল্যায়ন ও পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এবার সেই প্রকল্পের ভুয়ো উপভোক্তাদের নিয়ে কড়াকড়ি শুরু করল রাজ্য সরকার (Government of West Bengal)। ভুয়ো উপভোক্তারা টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে।
আবাস যোজনা নিয়ে শুরু কড়াকড়ি | (Awas Yojana)
রাজ্যের আবাস যোজনার অনিয়মের অভিযোগ নতুন নয়। অতীতে বহুবার এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের তালিকা থেকে প্রায় ১২ হাজার ভুয়ো উপভোক্তার খোঁজ পাওয়া গিয়েছে। এর মধ্যে ১ হাজার উপভোক্তার থেকে টাকা উদ্ধার করেছে প্রশাসন। বাকিদের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করতে চায় রাজ্য।

নবান্ন ও পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, ভুয়ো উপভোক্তাদের থেকে টাকা ফেরত নেওয়ার জন্য প্রশাসনকে আগামী ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে। এই ডেডলাইনের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট উপভোক্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
আরও পড়ুনঃ কলকাতার আসন পুনর্বিন্যাস নিয়ে রায়দানের আগে পুরভোট ঘোষণা নয়! বড় নির্দেশ হাইকোর্টের
এদিকে সম্প্রতি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী নিজে জানান, আবাস যোজনায় বিপুল পরিমাণ আবেদন জমা পড়েছিল। তবে খতিয়ে দেখার পর জানা যায়, এর মধ্যে অনেক আবেদনকারী অযোগ্য ও ভুয়ো হওয়া সত্ত্বেও উপভোক্তা তালিকায় স্থান করে নিয়েছেন।
সেই সময়ই দিলীপ জানান, শীঘ্রই আবাস যোজনার সম্পূর্ণ তালিকা পুনরায় মূল্যায়ন ও পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে। কোনও যোগ্য, প্রকৃত গৃহহীন মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন ও কোনও অযোগ্যর কাছে যাতে সুবিধা না পৌঁছয়, তা নিশ্চিত করতে অবিলম্বে বেআইনিভাবে যুক্ত হওয়া ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এবার আবাস যোজনার ভুয়ো উপভোক্তাদের থেকে টাকা ফেরানো নিয়ে কড়াকড়ি শুরু করল রাজ্য সরকার। নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা না ফেরালে এফআইআরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।












