বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় শিল্পের জোয়ার আনতে নতুন শিল্পনীতি (New Industrial Policy) ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬ -এর উদ্বোধন হয়েছে। এরপরেই রাজ্যে শিল্প নিয়ে কড়া বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট জানান, শিল্পক্ষেত্রে মস্তানির দিন শেষ হয়েছে। এবার কড়া পদক্ষেপ নেবে সরকার।
রাজ্যের শিল্প নিয়ে কড়া বার্তা পঞ্চায়েতমন্ত্রীর | (Dilip Ghosh)
শুক্রবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “বাংলার ওয়ার্ক কালচার নষ্ট হয়েছে। চলবে না, চলবে না বলে হাজার হাজার কলকারখানা বন্ধ করা হয়েছে। এতে আমাদেরই ক্ষতি হয়েছে। তবে এবার মস্তানি করার দিন শেষ।“

দিলীপ জানান, ইতিমধ্যেই রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করেছে সরকার। বহু ইন্ডাস্ট্রি এখানে আসতে চাইছে। তাঁদের ব্যবসার জন্য অনুকূল পরিবেশ দিতে হবে। কারণ তাঁরা রাজ্যে নির্ঝঞ্ঝাটে ব্যবসা করতে না পারলে এখানে শিল্প হবে না।
আরও পড়ুনঃ আটকে যেতে পারে নানা সরকারি প্রকল্পের সুবিধা! রেশন কার্ড বানানোর সহজ উপায় জানুন
পঞ্চায়েতমন্ত্রী বলেন, “সিন্ডিকেট চালানোর জন্য কিছু নেতার স্বেচ্ছাচারিতা, দাদাগিরি সহ্য করে আমরা রাজ্যের ইমেজ নষ্ট করতে পারি না। পাশাপাশি কোনও ইন্ডাস্ট্রিও নষ্ট করতে পারি না। এসব ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার।“
এদিকে গতকাল রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার সঙ্গেই সিঙ্গুরে শিল্প ফেরানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “ইন্ডাস্ট্রি হবে বলে ডানকুনি থেকে একটি দীর্ঘ রাস্তার দু’পাশে হাজার হাজার একর জায়গা কিনে রেখেছিলেন বহু মানুষ। তবে টাটা চলে যাওয়ার পর সেই জমি এমনিই পড়ে রয়েছে। সেখানে শিল্পও হয়নি, চাষবাসও হচ্ছে না। হাজার হাজার কোটি টাকার এই সম্পত্তি কাজে লাগানো উচিত। সেখানে নতুন করে শিল্পায়ন তৈরির চেষ্টা করছে সরকার।“
বাংলায় তৈরি হওয়া শিল্পের খরা কাটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা হয়েছে। শিল্পের প্রসারে রাজ্য যে কোনও রকম বাধা সহ্য করবে না, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।












