অন্নপূর্ণা যোজনা জমিয়ে রোগীর পরিজনদের খাবার! বাস্তবের ‘অন্নপূর্ণা’ অনিমা

Published on:

Published on:

Bankura housewife uses Annapurna Yojana savings to distribute food

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা জমিয়ে মানবিক উদ্যোগ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনদের মুখে খাবার তুলে দিলেন বাঁকুড়ার গৃহবধূ অনিমা গুরুং। তিনি জানান, মানুষের পাশে থাকতে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছেন।

অন্নপূর্ণা যোজনার টাকায় মানবিক উদ্যোগ | (Annapurna Yojana)

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোজ চিকিৎসা করাতে আসেন বহু মানুষ। এবার তাঁদের পরিজনদের মুখে একবেলার খাবার তুলে দিলেন অনিমা। শনিবার দুপুরে নিজে হাতে ওই খাবার বিতরণ করেন তিনি।

Annapurna Yojana

বাঁকুড়ার ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর এলাকায় অনিমার বাড়ি। স্বামী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। তবে ছোট থেকেই মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এর আগেও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থেকেছেন। দুঃস্থদের বস্ত্র বিতরণ সহ একাধিক মানবিক কাজ করেছেন এই গৃহবধূ।

আরও পড়ুনঃ ‘হোমস্টে’ শব্দ ব্যবহারে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন! হোমস্টে পোর্টাল চালু করল রাজ্য সরকার

এবার রাজ্য সরকারের সামাজিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনদের একবেলার খাবার বিতরণ করলেন তিনি। মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম। শেষ পাতে মিষ্টিমুখের জন্য ছিল বোঁদে।

গতকাল দুপুরে প্রায় সাড়ে তিনশো মানুষের মুখে খাবার তুলে দেন অনিমা। তিনি বলেন, “মানুষের পাশে থাকতে বরাবর ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।“

রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। অধিকাংশ মহিলাই সেই টাকা নিজের বা নিজের পরিবারের প্রয়োজনে খরচ করেন। তবে অনিমার মতো ব্যতিক্রমও কয়েকজন আছেন।

সদিচ্ছা থাকলে অল্প টাকাতেও মানুষের পাশে দাঁড়ানো যায়, বাড়িয়ে দেওয়া যায় সাহায্যের হাত। অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে জমিয়ে অনিমা যে উদ্যোগ নিলেন সেটা যেন সেই সদিচ্ছারই প্রতিফলন।