সামি অবসর নিতেই মুখ খুললেন ভারতের এই কোচ! সরাসরি দায় চাপালেন BCCI-এর ওপর

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ দীর্ঘদিন ধরেই আর পান না মহম্মদ সামি (Md. Shami)। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সিরিজে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের দুর্দশা দেখে অনেকেই তাকে দলে ফেরানোর দাবি তুলছিলেন। কিন্তু বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের তালিকায় ছিলেন না এই তারকা পেসার। শেষপর্যন্ত ভারতীয় টেস্ট দল থেকে অবসর নিয়েছেন তিনি। আর সামির এই সিদ্ধান্তের জন্য এবার পুরোপুরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) দায়ী করছেন প্রাক্তন ভারতীয় কোচ ও তারকা অলরাউন্ডার রবি শাস্ত্রী (Ravi Shastri)।

তবে সামির অবসর ঘোষণায় বক্তব্যে কোনও দ্বেষ ছিল না কারোর প্রতি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার বল হাতে এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি, কিন্তু দলকে জেতাতে পারেননি। তারপর গৌতম গম্ভীরের সময়ে আর টেস্ট ফরম্যাটে মাঠে নামা হয়নি তার টানা তিন বছর ধরে। তাই এই যাত্রায় ইতি টেনে সামি অবশেষে বলেছেন, “যখন আমি প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল, তা হলো দেশের জন্য কিছু অর্জন করা। এরপর প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে কেবল একটি ফরম্যাট নয়, বরং এটি আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অংশ হয়ে উঠেছিল।”

গম্ভীরের আমলে সামি ধীরে ধীরে দলে জায়গা হারিয়েছেন। কিন্তু বিরাট কোহলির অধিনায়কত্ব ও রবি শাস্ত্রীর কোচিংয়ের সময় তিনি ছিলেন দলের প্রধান পেস অস্ত্র। টেস্ট ফরম্যাটে তার পাশাপাশি ভুবনেশ্বর, উমেশ, ইশান্ত, বুমরাদের নিয়ে এক শক্তিশালী পেস আক্রমণ গড়ে তুলেছিলেন শাস্ত্রী যা বিশ্বের যে কোনও ব্যাটিং লাইন-আপকে বেগ দেওয়ার ক্ষমতা রাখতো।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারত জিতলেও শুভমান গিলের দিকে উঠলো আঙুল! বড় অভিযোগ করলেন প্রাক্তন তারকা

এহেন রবি শাস্ত্রী সামির অবসর প্রসঙ্গে বলেছেন, “দেশের হয়ে যিনি এত ভালো খেলেছেন, তাঁর বিদায় নেওয়াটা দুঃখজনক। আমার মনে হয়, তাঁর ঝুলিতে আরও ৩০-৪০টি উইকেট নেওয়ার সক্ষমতা ছিল। গত ১২ মাসে তাঁর খেলা উচিত ছিল এবং সম্ভবত টেস্ট ম্যাচের বোলার হিসেবে দলে তাঁর থাকা উচিত ছিল। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি।” সরাসরি না হলেও নিজের এই বক্তব্যের মধ্যে দিয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন শাস্ত্রী।

আরও পড়ুন: বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর

তার একসময়ের সতীর্থ ও প্রাক্তন বিশ্বজয়ী ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্তও এই একই ধারণা পোষণ করেন মনে। তিনি সরাসরি বিসিসিআইকে উদ্দেশ্য করে বলেছেন, “এটি সত্যিই অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন, নিয়মিত উইকেট নিয়েছেন, তবুও ভারতীয় দলে তার কোনো জায়গা হয়নি। এটি নিশ্চিতভাবেই একটি জোরপূর্বক চাপিয়ে দেওয়া অবসর। বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য এটি চরম লজ্জার বিষয় যে, তারা নিজেদের সেরা খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণ করেছে। বিষয়টি সত্যিই বেদনাদায়ক।”