বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা! একদিকে পড়ুয়াদের স্কুলমুখী করতে দীর্ঘদিন ধরে তালাবন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলিতে ফের পঠনপাঠন শুরুর উদ্যোগের কথা জানালেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোও যে সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, তা স্পষ্ট করলেন মন্ত্রী।
কি পরিকল্পনার কথা জানালেন স্কুল শিক্ষামন্ত্রী (Dipak Barman)?
শুধু বিদ্যালয়ের দরজা খুলে দেওয়াই নয়, সেখানে পড়ুয়ারা কতটা ভালোভাবে প্রাথমিক শিক্ষা পাচ্ছে, সেদিকেও নজর দিতে চাইছে শিক্ষা দপ্তর। সেই লক্ষ্যেই জাতীয় শিক্ষানীতি ২০২০-এর নির্দেশিকা মেনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বা FLN নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ির একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উত্তরবঙ্গের নয়টি শিক্ষা জেলার শিক্ষক-শিক্ষিকারা যোগ দেন।

শিশুদের ভাষা শেখার প্রাথমিক সক্ষমতা, পড়ার অভ্যাস, লেখার দক্ষতা এবং সংখ্যার ধারণা গড়ে তোলার পদ্ধতি নিয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে এই প্রশিক্ষণের সুফল যাতে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলিতেও পৌঁছয়, সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন :অন্নপূর্ণা যোজনা জমিয়ে রোগীর পরিজনদের খাবার! বাস্তবের ‘অন্নপূর্ণা’ অনিমা
এদিকে শিক্ষক নিয়োগের তালিকায় সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের শংসাপত্র ঘিরে যে প্রশ্ন উঠেছে, তা এড়িয়ে যাননি দীপক বর্মন। তাঁর বক্তব্য, সন্দেহজনক নথির বিষয়টি কেবল প্রাথমিক শিক্ষক নিয়োগেই সীমাবদ্ধ নেই। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও কয়েকটি শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে এই ধরনের জাতিগত শংসাপত্র যাচাই বা ইস্যু করার দায়িত্ব স্কুলশিক্ষা দপ্তরের হাতে নেই। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরই সেগুলি প্রদান করে। ফলে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে নথিগুলির সত্যতা পরীক্ষা করা হচ্ছে। যাচাইয়ের সময় কোনও বেআইনি বিষয় সামনে এলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষক নিয়োগের পরবর্তী ধাপ নিয়েও আশার কথা শুনিয়েছেন মন্ত্রী। প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর উচ্চ প্রাথমিকের পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদ পূরণের বিষয়টিও সরকারের আলোচনায় আছে বলে জানান তিনি। দীর্ঘদিন বন্ধ থাকা স্কুলগুলিতে ফের পঠনপাঠন শুরু হলে নতুন করে শিক্ষার সুযোগ তৈরি হবে বহু শিশুর সামনে। পাশাপাশি নিয়োগের নথি যাচাই এবং পরবর্তী শিক্ষক নিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট মেটানোর পথও খুলতে পারে।












