মাত্র ৫ টাকায় গরম গরম মাংস-ভাত! মা আহারের মেনুতে চমক, মুখে হাসি ফুটল দুঃস্থদের

Published on:

Published on:

Santipur Municipality Maa Aahar canteen served chicken and rice at just 5 Rupees

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুমে ভালো-মন্দ খেতে মন করে সকলের। তবে সেই সামর্থ্য সবার থাকে না। এবার এলাকার খেটে খাওয়া ও দুঃস্থ মানুষদের পাতে মাত্র পাঁচ টাকায় গরম গরম মাংস-ভাত পরিবেশন করা হল। উৎসবের মরশুমে শান্তিপুর পুরসভার (Santipur Municipality) উদ্যোগে পরিচালিত মা আহার (Maa Aahar) ক্যান্টিনে দেখা গেল এই মন ভালো করা ছবি।

মা আহারে পাঁচ টাকায় মাংস-ভাত | (Maa Aahar)

এলাকার এক নম্বর স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত এই মা আহার ক্যান্টিনে সাধারণত সপ্তাহে দু’দিন করে মাছ, দু’দিন করে ডিম ও বাকি তিনদিন ভাত, ডাল ও নিরামিষ তরকারি দেওয়া হয়। তবে দুর্গাপুজোর সময় থেকেই এখানকার নিয়মিত গ্রাহকরা মাংস-ভাত খাওয়ার আবদার জানাচ্ছিলেন। পুজোর ছুটির কারণে তা সম্ভব না হলেও, দীপাবলির আগে তাঁদের চাহিদা মতো সেই খাবার পরিবেশন করা হল।

Maa Aahar

এই বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, বিগত প্রায় পাঁচ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই মা আহার ক্যান্টিনের দায়িত্ব সামলাচ্ছেন তাঁরা। রোজ গড়ে প্রায় ১১০টি মিল তৈরি হয়। অনেকে নিজের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদের জন্য খাবার নিয়ে যান। আর্থিক দিক থেকে খুব বেশি লাভ না থাকলেও প্রান্তিক মানুষের সেবাই আসল লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের জন্য উন্নয়নের ডালি! ১৫ কোটির ‘উপহার’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এই বিষয়ে উদ্যোক্তা ও কর্তৃপক্ষের এক প্রতিনিধি জানান, “এখানে যারা নিয়মিত খেতে আসেন, তাঁদের বিশেষ আবদার ছিল যেন একদিন মাংস-ভাত খাওয়ানো হয়। পুজোর পর তাঁদের সেই আবদার রাখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাত্র ৫ টাকার বিনিময়ে এই মাংস-ভাত দেওয়া হয়েছে। নির্ধারিত মেনু অনুযায়ী সবজি, মাছ, ডিম যেমন চলে তেমন চলবে। তবে আগামীদিনে বিশেষ বিশেষ উপলক্ষে এমন মাংস-ভাতের আয়োজন করা হবে।“

অন্যদিকে উৎসবের মরশুমে মা আহারের মেনুতে মাংস-ভাত দেখে স্বভাবতই উপভোক্তারাও খুশি। তাঁরা জানান, মূল্যবৃদ্ধির বাজারে মাত্র পাঁচ টাকায় এই খাবার তাঁদের কাছে আশীর্বাদ। এদিন মাংস-ভাত খেয়ে পেট ভরার পাশাপাশি তাঁদের মনও ভরে গিয়েছে।

খেটে খাওয়া ও দুঃস্থ মানুষরা যাতে পেট ভরে খেতে পারেন সেই জন্য রাজ্যের নানা প্রান্তে মা আহার ক্যান্টিন চালু করা হয়েছে। মাত্র পাঁচ টাকায় সেখানে ভরপেট খাবার পাওয়া যায়। এবার শান্তিপুরের একটি মা আহার ক্যান্টিনে পরিবেশন করা হল মাংস-ভাত। উৎসবের মরশুমে এই বিশেষ মেনু পেয়ে তৃপ্তি করে খেয়েছেন উপভোক্তারা।