বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরের (Kashmir Attack) কুলগামে (Kulgam) সিআরপিএফ (CRPF) ক্যাম্পে হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল উপত্যকায়। বুধবারের ওই হামলার দায় স্বীকার করেছে ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে একটি অচেনা জঙ্গি সংগঠন। শুধু দায় স্বীকারই নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে জেহাদি হামলার হুমকিও দিয়েছে তারা। ভারত সরকারকে ‘হিন্দুত্ব রেজিম’-এর অংশ বলে উল্লেখ করে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। এই বিবৃতির পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ কোথা থেকে আত্মপ্রকাশ করল এই নতুন জঙ্গি গোষ্ঠী? এর পিছনে কি অন্য কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মদত রয়েছে?
কাশ্মীরে হামলার (Kashmir Attack) দায় স্বীকার করে RSS-এর বিরুদ্ধে হুমকি নতুন জঙ্গি সংগঠনের
বুধবার দুপুর দুটো নাগাদ কুলগামের একটি সিআরপিএফ ক্যাম্পের সামনে নাকা তল্লাশি চলছিল। সেই সময় বাইকে চেপে সেখানে পৌঁছয় দুই সশস্ত্র জঙ্গি। আচমকাই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার ভয়াবহতা। জানা গিয়েছে, প্রথম ১৫ সেকেন্ডেই প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়। পরবর্তী এক মিনিটের মধ্যেও একাধিক গুলির শব্দ শোনা যায়। পালটা জবাব দেন সিআরপিএফ জওয়ানরা। তবে তার আগেই বাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা (Kashmir Attack)।
আরও পড়ুন: মাথায় হাত আমজনতার! ২ বছরে এই প্রথম দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার পেরোল ৬ শতাংশের গণ্ডি
এই ঘটনায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা শান্তনু চন্দ্র। বাকি দু’জন হলেন অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং। সূত্রের খবর, শান্তনুর কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে। আহত তিনজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় এক বছর পর উপত্যকায় এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে সংগঠনটি একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার দায় স্বীকার করে। সেখানে তাদের দাবি, ভারত জম্মু-কাশ্মীর দখল করে রেখেছে এবং উপত্যকার বর্তমান শান্তির পরিবেশ আসলে কৃত্রিম। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে ‘হিন্দুত্ব রেজিম’ বলে আক্রমণ করে আরএসএসের বিরুদ্ধে জেহাদি হামলার হুমকি দেওয়া হয়েছে। বিবৃতির শেষে মুখপাত্র হিসেবে মহম্মদ ওমর আজম নামে এক ব্যক্তির উল্লেখ রয়েছে। তবে তাঁর পরিচয় কিংবা সংগঠনটির প্রকৃত পরিচিতি সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন: চিকিৎসকহীন সরকারি হাসপাতাল! ২০০০ চুক্তিভিত্তিক ডাক্তার নেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এদিকে, হামলার পর থেকেই কুলগাম-সহ উপত্যকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা এবং সিআরপিএফের গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে এই হামলাকে পরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনার গুরুত্ব বুঝে জরুরি বৈঠকও ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা গোটা পরিস্থিতি তুলে ধরেছেন। নতুন সংগঠনটির সঙ্গে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ বা হিজবুল মুজাহিদিনের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।












