৬% সুদ-সহ টাকা ফেরত দিতে হবে! ভাতা সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাই কোর্টের

Published on:

Published on:

calcutta high court(118)

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বাড়িভাড়া ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের রায়, স্বামী ও স্ত্রী দু’জনই সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠানে চাকরিরত হলেও যদিও কর্মস্থলের দূরত্বের কারণে তাদের একসঙ্গে থাকা সম্ভব না হয় তাহলে বাড়িভাড়া ভাতায় কাটছাঁট নয়। আদালতের এই রায় নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য।

বাড়িভাড়া ভাতা নিয়ে বড় রায় আদালতের | Calcutta High Court

শিক্ষিকার করা মামলায় হাইকোর্ট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। মামলাকারী দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক শিক্ষিকার স্বামী শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। স্বামী-স্ত্রীর কর্মস্থলের দূরত্ব অনেকটা। প্রায় ১৯৪.৪ কিলোমিটার। গণপরিবহণে প্রতিদিন এতটা পথ যাওয়া-আসা কোনোভাবেই সম্ভব নয়।

Calcutta High Court

এদিকে অতিরিক্ত ভাতা পাওয়ার অভিযোগে প্রশাসন সোনারপুরের শিক্ষিকার থেকে বলপূর্বক টাকা নিয়ে ট্রেজারিতে জমা করায়। শিক্ষিকা এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি শুনানির জন্য ওঠে।

আরও পড়ুন: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে চাননি, কলকাতা হাইজ্যাক-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের

সরকারি কর্মচারীর জয় আদালতে

শিক্ষিকার মামলায় স্কুলশিক্ষা দপ্তরের ২০১১–র নির্দেশিকার উল্লেখ করে আদালতের স্পষ্ট নির্দেশ, স্বামী-স্ত্রীর কর্মক্ষেত্রের দূরত্ব যদি নিত্যদিন যাতায়াত করার মতো না হয়, তবে এক্ষেত্রে পুরো বাড়ি ভাড়া ভাতাই প্রাপ্য। এক্ষেত্রে জোর করে ট্রেজারিতে টাকা জমা করানোর নির্দেশ খারিজ করেছে হাইকোর্ট।

বিচারপতি সিনহা দক্ষিণ ২৪ পরগনার ডিআই-কে পুরো ভাতা পুনর্বিবেচনার জন্য জানিয়েছেন। পাশাপাশি ট্রেজারিতে জমার দিন থেকে বার্ষিক ৬ শতাংশ সুদ-সহ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে স্বস্তিতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ওই শিক্ষিকা।